ডুয়ার্সে দেবের শুটিং কভার করতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার সাংবাদিকরা! শুটিং ইউনিটের বিরুদ্ধে ক্ষোভ
অমিত বনিক, সংবাদ একলব্য: সুপারস্টার দেবের সিনেমার শুটিং মানেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আর চরম উন্মাদনা। কিন্তু সেই উন্মাদনার খবর সংগ্রহ করতে গিয়েই এবার চূড়ান্ত হেনস্থা ও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হলো সংবাদমাধ্যমকে। মালবাজারের একটি হাসপাতালে শুটিং চলাকালীন এক সাংবাদিককে চরম অপদস্থ করার অভিযোগ উঠল শুটিং ইউনিটের এক মহিলা সদস্যার বিরুদ্ধে। এমনকি কর্তব্যরত সাংবাদিকদের 'বেয়াদপ' বলতেও ছাড়েননি তিনি।
স্থানীয় সূত্রে এবং প্রত্যক্ষদর্শী সাংবাদিক মদন কামির (বার্তা মালবাজার) বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার মালবাজারের একটি হাসপাতালে অভিনেতা দেবের আগামী ছবির শুটিং চলছিল। খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে শুটিং ইউনিটের তরফ থেকে তাঁদের কভারেজ করতে বাধা দেওয়া হয়।
মদন বাবু জানান, তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ইউনিটের লোকজন তাঁকে স্থানীয় আইসি-র (IC) অনুমতি নিয়ে আসতে বলেন। আইসি জানান শুটিং শুরু হওয়ার আগে ভিডিও করা যেতে পারে। কিন্তু সেই অনুমতি থাকা সত্ত্বেও শুটিংয়ের লোকজন তাঁদের বাধা দেন এবং মিথ্যা দাবি করেন যে আইসি এমন কোনো নির্দেশ দেননি।
বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় শুটিং ইউনিটের রম্মানী নামের এক মহিলা সদস্যা সাংবাদিকদের উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ভাষায় কটূক্তি করেন। সাংবাদিকের দাবি, ওই মহিলা প্রকাশ্যে ধূমপান করতে করতে তাঁদের 'বেয়াদপ' বলে অপমান করেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এহেন অপদস্থ হওয়ার ঘটনায় ডুয়ার্সের স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের কাজে এমন প্রকাশ্য বাধাদান ও অপমানের কড়া নিন্দা করছেন সকলেই। যদিও এই বিতর্কিত বিষয়ে শুটিং ইউনিটের তরফ থেকে বা অভিনেতা দেবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাংবাদিক-অমিত বনিক
জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊