Latest News

6/recent/ticker-posts

Ad Code

'ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হয়ে যাবে' বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

'ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হয়ে যাবে' বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Viral video


চুঁচুড়ায় এক বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হয়ে যাবে— এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, ভিডিওটি বিকৃত করা হয়েছে এবং তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।



ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিহারে বিজেপি সরকার মাছ-মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এখানেও মাছ-মাংস বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন বলে দাবি তৃণমূলের। প্রসঙ্গত, সম্প্রতি বিহারের এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। জানানো হয়েছে, যাঁদের লাইসেন্স রয়েছে এবং নির্দিষ্ট ঢাকা জায়গা রয়েছে, তাঁরাই মাংস বিক্রি করতে পারবেন।



এই বিষয়টিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “মাছে ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা বলছে মাছ-মাংস বন্ধ করে দেবে, তারা ২০২৬ সালের নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। মানুষই জবাব দেবে।” তাঁর দাবি, ভিডিওতে স্পষ্টভাবেই বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে।



অন্যদিকে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি কখনও মাছ-মাংস বন্ধের কথা বলেননি। তাঁর দাবি, তৃণমূল নেতারা বিহারের নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি জানান, স্বাস্থ্যকর ও নির্দিষ্ট জায়গায় মাছ-মাংস বিক্রির পক্ষেই তিনি মত দিয়েছেন যেমনটি মিষ্টির দোকানের ক্ষেত্রে হয়। পরিবেশ ও স্বাস্থ্যবিধির স্বার্থে খোলা জায়গায় যত্রতত্র বিক্রি বন্ধের কথাই তিনি বলেছেন বলে দাবি তাঁর।


এই ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়ার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code