কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজের দাবি সহ একাধিক দাবিতে ডেপুটেশন
কোচবিহার:
রাজার শহর কোচবিহার। আর কোচবিহার শহর ঘেঁষা কোচবিহার রেল স্টেশনে স্টপেজ নেই ওই স্টেশন দিয়ে যাওয়া একমাত্র এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের। আর সেই স্টপেজ দেওয়ার দাবিকে এবার জোরালো করলো ইউনাইটেড ফোরাম অফ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন। এর আগে কোচবিহার-দিনহাটা রেল যাত্রী মঞ্চের তরফেও একাধিকবার এই দাবি রাখা হলেও পূরণ হয়নি। এদিকে আজ ইউনাইটেড ফোরামের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার-দিনহাটা রেলযাত্রী মঞ্চের সদস্যরাও। উল্লেখযোগ্য ভাবে আজ ইউনাইটেড ফোরামের NFR ইউনিট গঠিত হয় যেই কমিটির সম্পাদক কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের আহ্বায়ক ড. রাজা ঘোষ।
এছাড়াও এদিন কোচবিহারে ট্রেন পরিষেবা নিয়ে একগুচ্ছ দাবি, ডিআরএম-কে স্মারকলিপি দেন যাত্রী সংগঠন। ট্রেনের স্টপেজ বৃদ্ধি, নতুন ট্রেন চালু এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণ-সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কাছে স্মারকলিপি জমা দিল ‘ইউনাইটেড ফোরাম অফ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করা প্রয়োজন।
সংগঠনের দাবি, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭/১৩১৪৮)-এর কোচবিহার (COB) স্টেশনে নিয়মিত স্টপেজ নিশ্চিত করতে হবে। তাঁদের বক্তব্য, কোচবিহার ঐতিহ্য ও সংস্কৃতির শহর— ‘রাজার শহর’ হিসেবে পরিচিত। কোচবিহার রেল স্টেশন নিজেই একটি হেরিটেজ স্টেশন, যা রাজপ্রাসাদ ও অন্যান্য ঐতিহাসিক স্থাপত্যের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এমন একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহরে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ না থাকা অত্যন্ত দুঃখজনক বলে দাবি সংগঠনের। পর্যটন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের স্বার্থে এই স্টপেজ অত্যন্ত জরুরি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেনে শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার (৭৫৭১৭/৭৫৭১৮) ট্রেনটি ফালাকাটা, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড ও নিউ জলপাইগুড়ি হয়ে চালানোর দাবি তোলা হয়েছে।
এছাড়া বামনহাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (১৫৪৬৭/১৫৪৬৮) ২৩৩ কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় সাড়ে আট ঘণ্টা সময় নেয় বলে অভিযোগ সংগঠনের। এক্সপ্রেস ভাড়া নেওয়া হলেও পরিষেবা অনেকাংশে লোকাল ট্রেনের মতো— এমন দাবি তুলে ট্রেনটির সময়সূচি পুনর্বিবেচনা করে মেল/এক্সপ্রেস ট্রেনের ধাঁচে দ্রুতগামী করার আর্জি জানানো হয়েছে।
অন্যদিকে, বামনহাট (BXT) স্টেশনের ১ থেকে ৩ নম্বর প্ল্যাটফর্ম এবং কোচবিহার টাউন (COB) স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ২২/২৪ বগির আইসিএফ কোচযুক্ত এক্সপ্রেস ট্রেনের উপযোগী করে সম্প্রসারণের দাবিও তোলা হয়েছে। সংগঠনের বক্তব্য, বর্তমান প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পর্যাপ্ত না হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
স্মারকলিপিতে রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। সংগঠনের আশা, যাত্রীস্বার্থ ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে রেল দফতর ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊