কোচবিহারে ফের মাদক বিরোধী অভিযানে সাফল্য, ৬৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাচারকারী
কোচবিহার: জেলা জুড়ে মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার রাতে শহরের রানীবাগান সংলগ্ন বাঁধেরপাড় এলাকা থেকে প্রায় ৬৫.২২ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাবির আলী।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযানে চালায় কোতোয়ালি থানার পুলিশ। সেই সময় সাবির আলীকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তার কাছ থেকে ওই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি কোচবিহার থেকে দিনহাটার উদ্দেশ্যে এই ব্রাউন সুগার পাচার করার পরিকল্পনা করেছিল। কিন্তু পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ মাদক পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর আগেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনা পুলিশের মাদক বিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ