দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুর
কোচবিহার: দাদুর বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
মৃত শিশুর নাম রোহান মিঁয়া। জানা গিয়েছে, শিশুটির বাড়ি শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি (বড় মরিচা) এলাকায়। সম্প্রতি সে পরিবারের সদস্যদের সঙ্গে রথেরডাঙ্গা এলাকায় তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টা নাগাদ বাড়ির সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, তখনই শিশুটি বাড়ির পাশে খেলতে খেলতে একটি পুকুরে পড়ে যায়। এরপর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
শিশুটির দাদু শামসুল হক জানান, "সকাল ১০টার দিকে আমরা সবাই কাজে ছিলাম। হঠাৎ বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। ছুটে গিয়ে দেখি আমার ভাইঝি পুকুর পাড়ে কান্নাকাটি করছে। তখন জানতে পারি যে আমার নাতি জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে তাকে পুকুরের জল থেকে উদ্ধার করা হয়।"
উদ্ধারের পর শিশুটিকে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ