রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরী-র
রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে রাজ্যে বিশেষ পরিষেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠি পাঠালেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে তিনি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার পালনে প্রয়োজনীয় একাধিক সরকারি উদ্যোগ গ্রহণের আবেদন জানান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রমজান মাস মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র সময়। এই সময় বহু মানুষ রোজা পালন করেন এবং ঈদের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অধীর রঞ্জন চৌধুরী তাঁর আবেদনে বলেন, রমজান মাসে চাল, ডাল, চিনি, খেজুর, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিশেষ রেশন বা স্বল্প মূল্যে সরবরাহ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ফল ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে বাজারে নজরদারি বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়েছে, রমজান ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখা প্রয়োজন। সেই সঙ্গে ঈদের সময় গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখার দাবিও জানানো হয়েছে।
পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও অতিরিক্ত ট্রেন ও সরকারি বাস পরিষেবা চালুর প্রস্তাব রাখা হয়েছে, যাতে উৎসবের আগে বাড়ি ফেরা মানুষের যাতায়াত সহজ হয়। এছাড়া যে সপ্তাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেই সময় গুরুত্বপূর্ণ পরীক্ষা নির্ধারণ না করার বিষয়টিও বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে, যাতে পড়ুয়ারা সমস্যায় না পড়ে।
সরকারি ও বেসরকারি কর্মীদের সুবিধার্থে অফিস সময় সামান্য কমানোর পাশাপাশি ঈদ উপলক্ষে অন্তত তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এতে দূরে কর্মরত মানুষ পরিবার নিয়ে উৎসব পালনের সুযোগ পাবেন এবং সামাজিক সম্প্রীতি আরও মজবুত হবে।
এই দাবিগুলিকে তিনি কোনও বিশেষ সুবিধা নয়, বরং উৎসবের সময় নাগরিক সহায়তা ও প্রশাসনিক মানবিকতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। এখন রাজ্য সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊