অসুস্থতাকে জয় করে মাধ্যমিক, হাসপাতালের বেডেই পরীক্ষার ব্যবস্থা করল পুলিশ
প্রতিকূল পরিস্থিতির মাঝেও দমে যায়নি অদম্য ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাশক্তিকে বাস্তবে রূপ দিতে মানবিকতার উজ্জ্বল নজির গড়ল ফারাক্কা থানার পুলিশ। অসুস্থতার কারণে যখন এক ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ফারাক্কা থানার আইসি সুজিত পাল। তাঁর উদ্যোগেই অর্জুনপুর প্রাথমিক হাসপাতালের বেডেই ওই ছাত্রীর পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, অসুস্থ ওই ছাত্রী অর্জুনপুর হাই স্কুলের পরীক্ষার্থী। চলতি মাধ্যমিক পরীক্ষায় তার কেন্দ্র পড়েছিল নিউ ফারাক্কা হাই স্কুলে। পরীক্ষা শুরুর আগেই আচমকা অসুস্থ হয়ে পড়ে সে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে অর্জুনপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে এবং তার পরীক্ষা দেওয়ার প্রবল ইচ্ছার কথা জানতে পেরে বসে থাকেনি ফারাক্কা থানার পুলিশ। ফারাক্কা থানার আইসি সুজিত পাল ব্যক্তিগত উদ্যোগে দ্রুত শিক্ষা দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর তৎপরতায় শিক্ষা পর্ষদের সমস্ত নিয়ম মেনে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালের বেডেই ছাত্রীর কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয় এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়।
পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি ছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অর্জুনপুর হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ফারাক্কা থানার আইসি-র এই পদক্ষেপের প্রশংসা করেছেন। অসুস্থ শরীর নিয়েও পরীক্ষা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে ওই পরীক্ষার্থী।
স্থানীয়দের মতে, পুলিশের এই মানবিক ভূমিকা শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ