ভাতার রাজ্যে বঞ্চনার অভিযোগ! মাসিক ভাতা ৫ হাজার টাকা করার দাবিতে পথে নামলেন বিশেষ ক্ষমতাসম্পন্নরা
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই নিজেদের অধিকার ছিনিয়ে নিতে রাস্তায় নামলেন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষেরা। মঙ্গলবার জলপাইগুড়িতে ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে প্ল্যাকার্ড, ব্যানার এবং হলুদ পতাকা হাতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। 'জলপাইগুড়ি বানারহাট প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটি' এবং 'পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী'-র যৌথ উদ্যোগে এদিন জেলাশাসকের (DM) দপ্তরের উদ্দেশ্যে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের মূল অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভাতা প্রদান করা হলেও, বিশেষ ক্ষমতাসম্পন্নদের প্রতি সরকার উদাসীন। রাজ্য সরকারের 'মানবিক' প্রকল্পের আওতায় তাঁরা যে ভাতা পান, দীর্ঘ সময় ধরে তা মাত্র ১,০০০ টাকাতেই থমকে রয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদের বক্তব্য— "রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অমানবিক বাজেট মানছি না। অবিলম্বে মানবিক ভাতা ৫,০০০ টাকা করতে হবে।" বিক্ষোভকারীদের গলায় স্লোগান ওঠে,
"মানবিক ভাতার নামে অমানবিক ভাতা মানছি না, মানবো না।"
সংগঠনের পক্ষে উমাশঙ্কর পাসোয়ান ক্ষোভ উগরে দিয়ে বলেন, "শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। নতুন বাজেট পাশ হলো, অথচ সেখানে প্রতিবন্ধীদের জন্য কোনো কথাই বলা হলো না। আমাদের আশা ছিল এবার হয়তো মানবিক ভাতা কিছুটা বাড়বে, কিন্তু তা হয়নি।"
ভাতা না বাড়ার পাশাপাশি আরও একাধিক বঞ্চনার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ বহু প্রতিবন্ধী ভাই-বোন নতুন করে ভাতার জন্য আবেদন করলেও, আজ পর্যন্ত তাঁদের ভাতা বা কার্ড মেলেনি। আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) মতো সরকারি ঘরের তালিকা থেকেও প্রতিবন্ধী হওয়ার কারণে অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এওয়াই (AY) কার্ড বা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বিশেষ ক্ষমতাসম্পন্নদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।
সংগঠনের দাবি, জলপাইগুড়ি জেলায় বর্তমানে প্রায় ২,০০০ মানুষ এই ভাতা পান। কিন্তু বাজারদরের যে ঊর্ধ্বমুখী গ্রাফ, তাতে মাসে মাত্র ১,০০০ টাকায় জীবনধারণ করা কার্যত অসম্ভব। তাই অবিলম্বে এই ভাতা বৃদ্ধি করে ৫,০০০ টাকা করতে হবে এবং যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁদের দ্রুত ভাতার আওতায় আনতে হবে। এই সমস্ত দাবিদাওয়া নিয়েই এদিন তাঁরা জেলাশাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊