কোচবিহারে ঘন কুয়াশার দাপটে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ফের রক্ত ঝরল কোচবিহারের রাস্তায়। মঙ্গলবার রাতে কোচবিহারের বোকালীর মঠ সংলগ্ন কার্জীবাড়ী এলাকায় একটি লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। কুয়াশার কারণে লরিটি দেখতে না পাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে আটটা নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। কার্জীবাড়ী এলাকায় একটি ছয় চাকার লরির সঙ্গে বাইকটির সজোরে ধাক্কা লাগে। লরির ধাক্কায় ছিটকে পড়েন আরোহী এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সুযোগ নিয়ে ঘাতক লরিটি দ্রুত গতিতে এলাকা থেকে চম্পট দেয়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার বানেশ্বর ফাঁড়ি এবং পুণ্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ঘাতক লরিটি বা মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ