প্রাথমিক বিদ্যালয়ের মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পেটলায়
তপন বর্মন : সংবাদ একলব্য
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, প্রাথমিক মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ) নিয়ে ৪২তম রাজ্য পর্যায়ের অন্তর্গত দিনহাটা মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ পেটলা নবীবকশ স্টেডিয়াম প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হল।
এই প্রতিযোগিতায় দিনহাটা মহকুমার মোট সাতটি চক্র সম্পদ কেন্দ্র—দিনহাটা ১ নং, দিনহাটা ২ নং, দিনহাটা ৩ নং, দিনহাটা ইন্টেন্সিভ, দিনহাটা ওয়েস্ট, সিতাই ও বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের নির্বাচিত প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা সার্কেল পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সার্কেল পর্যায়ের প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা মহকুমা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
এদিন মোট ৩৪টি ইভেন্টে বয়সভিত্তিকভাবে বালক ও বালিকা শিক্ষার্থীরা তিনটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পর্যায়ক্রমে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা ও জেলা স্তরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা স্তরের প্রথম স্থানাধিকারীরা রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
খেলার দিন শিক্ষা-অনুরাগী ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষভাবে প্রাণবন্ত করে তোলে।
আজকের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে দিনহাটা ৩ নং সার্কেল কো-অর্ডিনেটর সুকান্ত চক্রবর্তী বলেন,
“প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সকল প্রতিযোগীর সাফল্য কামনা করি।”
খেলা পরিচালন কমিটির আহ্বায়ক তথা দিনহাটা ওয়েস্ট সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ফ্লোরা দাস জানান, “আজকের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে গিয়ে সম্মান বয়ে আনবে—এই আশাই রাখছি।”
মহকুমা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা কো-অর্ডিনেটর সুব্রত নাহা, মহকুমা কো-অর্ডিনেটর বাপ্পাদিত্য রায়, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মজুমদার, অবর বিদ্যালয় পরিদর্শক পলাশ লালা, অবর বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ, অবর বিদ্যালয় পরিদর্শক ও আহ্বায়ক ফ্লোরা দাস সহ বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ