প্রাথমিক বিদ্যালয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তপন বর্মন | সংবাদ একলব্য
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, প্রাথমিক মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ) দিনহাটা ৩ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো।
হেদার হাট সংলগ্ন বড়শাকদল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বড়শাকদল অঞ্চলের মোট ২১টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট ৩৪টি ইভেন্টে বয়স অনুযায়ী বালক ও বালিকা শিক্ষার্থীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।
উল্লেখযোগ্য যে, কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আওতাধীন বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পর্যায়ক্রমে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা ও জেলা স্তরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা স্তরের প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
এদিনের খেলায় শিক্ষা অনুরাগী মানুষজনের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষক বাপ্পাদিত্য রায় জানান, “সকলের সহযোগিতা ও উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালিত হচ্ছে। আমি সকল ছাত্রছাত্রীর সাফল্য কামনা করি।”
খেলা কমিটির কো-অর্ডিনেটর উত্তম মহন্ত বলেন, “আজকের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে—এই আশাই রাখছি।”
এদিনের প্রতিযোগিতায় সর্বাধিক পয়েন্ট অর্জন করে বড়শাকদল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ