মিলল মন্ত্রীসভার অনুমোদন, চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা পাবে ভাতা: মমতা বন্দ্যোপাধ্যায়
মিলল মন্ত্রীসভার অনুমোদন, চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা পাবে ভাতা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন মিলেছে বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে, এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার পাকাপাকি ভাবে রাজ্য মন্ত্রীসভার অনুমোদন নিয়েই বড় ঘোষনা করে দিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা। ১লা এপ্রিল থেকে ভাতা কার্যকর হবে। যতদিন পর্যন্ত মামলা চলবে ততদিন পর্যন্ত দেওয়া হবে ভাতা জানান তিনি।
মমতা স্পষ্ট করে দিয়েছেন, এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা (পিআইএল) না-হয়, সে ব্যাপারে রাজ্য সরকার আটঘাট বেঁধে রেখেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই!’’ শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের।
প্রসঙ্গত, রাজ্যের ২৬ হাজার চাকরি সুপ্রিমকোর্টের নির্দেশে বাতিল হয়েছে। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন। আদালতের আর্জিতে শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি মিললেও শিক্ষা কর্মীদের অনুমতি মেলেনি। তাঁদের সংসারের কথা ভেবেই ভাতা দেওয়ার এই ঘোষনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা পেল মন্ত্রী সভার অনুমোদন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ