বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে কার কাছে গেলো অভিষেক, কুন্তলের মামলা !
সুপ্রিম নির্দেশের পরই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে সরে গিয়েছিল প্রাথমিকের দু’টি মামলা।
মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম নির্দেশ দেন মামলা দু’টির শুনানি চলবে অন্য় বিচারপতির বেঞ্চে। এবার মামলা দু’টির দায়িত্ব পেলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বেঞ্চেই এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী ও অন্যরা মামলার শুনানি চলবে।
পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হবে কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলাটিও।
সুপ্রিম নির্দেশ হাতে পাওয়ার পর হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। এরপরই মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম।
সম্প্রতি শহিদ মিনারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই কথা। তিনি দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল।
প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলে এক সাক্ষ্যাৎকারে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওই মামলা থেকে সরানো হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay)।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ