মমতাকে পূর্ণ সমর্থনের বার্তা আরজেডি নেতা নেতা তেজস্বী যাদবের
মমতাকে পূর্ণ সমর্থনের বার্তা দিল আরজেডি নেতা তেজস্বী যাদব। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এর মাঝেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বৈঠক করেন তেজস্বী যাদবের সঙ্গে। মূল লক্ষ্য, বিজেপিকে রুখে দেওয়া ও সভ্যতাকে বাঁচানো বলেই নবান্ন থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তেজস্বী।
এদিন তেজস্বী যাদব বলেন, ”বিজেপি বিরোধী লড়াইয়ে যেভাবে চান, তৃণমূলের পাশে থাকব। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করব। কারণ, আমাদের সকলের মূল লক্ষ্য, বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হঠাতেই হবে। তৃণমূলের লড়াই মানে আমাদের লড়াই।” তৃণমূলের ধর্মনিরপেক্ষতাকেও তিনি আদর্শগতভাবে সমর্থন করেন বলেও জানিয়েছেন তেজস্বী যাদব।পাশাপাশি বাংলায় বসবাসকারী বিহারী মানুষদের উদ্দ্যেশে তেজস্বী বলেন, ”বাংলায় অনেক বিহারি থাকেন। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, সকলে মমতাদিদির পাশে থাকুন, তাঁর হাত শক্ত করুন।”
অপরদিকে, বিহারের ভোটের কথা উল্লেখ করে মমতা বন্দোপাধ্যায় তেজস্বীকে কৌশলগত ভাবে মুখ্যমন্ত্রী করা হয়নি, বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ”ভোটের ফলে তো তেজস্বীই মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু কৌশলে তাঁকে কীভাবে বঞ্চিত করা হয়েছে, তা আমরা সবাই জানি। পরবর্তী নির্বাচনে তেজস্বী জয়ী হোক, এই শুভেচ্ছা রইল।”
উল্লেখ্য বিহার নির্বাচনে সিপিএম এর দলগুলির সঙ্গে জোট ছিল আরজেডির। কিন্তু বাংলায় সিপিএমকে নয় তৃণমূলকেই সমর্থন করলো আরজেডি। এপ্রসঙ্গে তাঁর কথায়, আরজেডি-র লড়াই মূলত বিজেপি বিরোধী। তাই বঙ্গে দলের যে কৌশলগত অবস্থান, বিহারে তার প্রভাব পড়বে না। তবে, গুঞ্জন চলছিল বাাংলায় প্রার্থী দেবে আরজেডি। এই বৈঠকের পর তৃণমূলের সাথে আসন রফা হল কিনা সে বিষয়ে কোনো কিছুুুই জানা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ