Advertisement

রাজবংশী ভাষার স্বীকৃতি থেকে বিমানবন্দর, অত্যাধুনিক হাসপাতাল, কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Subhendu Adhikary
Picture: File Picture


কোচবিহার: রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে রাসমেলার উদ্বোধনী মঞ্চ কোচবিহারের সার্বিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজবংশী ভাষাকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, বিমানবন্দর চালু, অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল তাঁর বক্তব্যে।


বুধবার হাসিমারা থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সরাসরি ল্যান্সডাউন হলে যান তিনি। সেখানে রাজবংশী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন ১২৬ জন প্রতিনিধি। পাঁচজন বক্তব্য রাখতে চাইলেও চারজনের বক্তব্য শোনা সম্ভব হয়েছে। বৈঠকে রাজবংশী ভাষাকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, রাজবংশী সমাজের বিভিন্ন দাবি এবং ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ২০১৯ সাল থেকে রাজবংশী সমাজ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে আসছে। এই সমাজের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। একইসঙ্গে পূর্ববর্তী বাম ও তৃণমূল সরকারের আমলে রাজবংশী সমাজের দাবিদাওয়া যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন। জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিয়েও তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।


এরপর কোচবিহার রাজবাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা হাতিকে সামনে রেখে বর্ণাঢ্য নাট্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি পৌঁছয় ঐতিহাসিক মদনমোহন মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর রাসচক্র ঘোরান মুখ্যমন্ত্রী। এরপর কোচবিহার এমজেএন স্টেডিয়ামের ময়দানে গিয়ে আনুষ্ঠানিকভাবে রাসমেলা ও গৌরী মেলার উদ্বোধন করেন তিনি।


উদ্বোধনী মঞ্চ থেকেই কোচবিহারের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রাজপরিবারের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি রাজ আমলের ঐতিহাসিক নিদর্শনগুলি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গ্রামীণ এলাকার উন্নয়ন এবং শহরগুলিকে আরও আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।


কোচবিহার বিমানবন্দর চালুর বিষয়েও ইতিবাচক বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। এই হাসপাতাল নির্মাণের জন্য দ্রুত জমি চিহ্নিত করতে জেলাশাসক ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে কালচারাল সেন্টার গড়ে তোলার ঘোষণাও করেন।


এদিনের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় সীমান্ত সুরক্ষার বিষয়টি। বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও মজবুত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ গাঁজা চাষ, ফেনসিডিল পাচার-সহ সমস্ত বেআইনি কারবার বন্ধ করতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন।


মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গেও কঠোর অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। মহিলাদের উপর কোনও ধরনের আক্রমণ বা অসম্মান বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমার কোনও বোনের দিকে আঙুল উঠলে সেই আঙুল উপড়ে দিতে হবে।"


রাজবংশী সমাজের দাবি থেকে শুরু করে কোচবিহারের পরিকাঠামোগত উন্নয়ন, পর্যটন, স্বাস্থ্য, বিমান পরিষেবা এবং সীমান্ত সুরক্ষা সব মিলিয়ে রাসমেলার উদ্বোধনী মঞ্চকে ঘিরে একাধিক প্রতিশ্রুতি ও ঘোষণার সাক্ষী থাকল কোচবিহার।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ