ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: ভরসন্ধ্যায় টাইগার শ্রফের গাড়িতে ‘গুলিবৃষ্টি’! অল্পেই রক্ষা পেল অভিনেতা। বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল গুলি। রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় বাড়ি ফেরার পথে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে অলৌকিকভাবে অক্ষত রয়েছেন এই তারকা অভিনেতা, তাঁর গায়ে কোনো গুলি লাগেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, জুহুতে টাইগারের বিএমডব্লিউ (BMW) গাড়িটিকে লক্ষ্য করে পর পর ৩ রাউন্ড গুলি চালানো হয়। হামলায় টাইগার সুরক্ষিত থাকলেও তাঁর গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তিনি চিকিৎসাধীন।
ঘটনার খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়। টাইগারের বাবা তথা বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের টিমের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, "টাইগার সম্পূর্ণ সুরক্ষিত ও সুস্থ আছেন।" পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, রবিবার একটি মোটরসাইকেলে করে তিন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। ইন্ডিয়া টুডের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইকের পেছনে থাকা এক ব্যক্তি পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং দ্বিতীয় জনও গুলি চালানোর চেষ্টা করে। এরপর তৃতীয় জন বাইক স্টার্ট দিয়ে অপেক্ষা করার পর তিনজনই দ্রুত চম্পট দেয়।
ডিপিসি (DCP) মোহিত গর্গ জানিয়েছেন, এই হামলায় টাইগারের চালকসহ মোট দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাঁ হাতে গুলি লেগে আহত হওয়ায় চালককে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।
এই ঘটনার দায় স্বীকার করেছে, অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি। এই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলে দাবি করেছে। পাশাপাশি সে আরও দাবি করেছে যে, যে সমস্ত ব্যক্তিরা সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের ভয় পাওয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি অডিও ফাইল প্রকাশ করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে। সেখানেই এই বার্তা দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন