তপন বর্মন, দিনহাটা: অবসরের পরেও থেমে নেই বিজ্ঞানচর্চা। ফেলে দেওয়া ও অব্যবহৃত বিভিন্ন সামগ্রী দিয়ে বিজ্ঞানের মডেল তৈরি করে স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ অরুণ কুমার পাল। বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানো এবং হাতে-কলমে বিজ্ঞান শেখানোর লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। শুধু তাই নয় গণিতের নানান কৌশল, নানান জটিল সমস্যা এক নিমিষেই সমাধান, নানান পাজল গেম, সর্বোপরি গণিত ভীতি দূর করতে তার এই কর্মশালা গুলি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দিনহাটা মহকুমার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে ৭৬টি বিদ্যালয়ে সেমিনার করেছেন তিনি।
একাধিক বিজ্ঞান মডেল নিয়ে স্কুলে স্কুলে যান তিনি
নিগমনগর নিগমানন্দ শিক্ষা নিকেতন গভর্নমেন্ট স্পনসর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের গণিতের অধ্যাপক তথা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন ডঃ অরুণ কুমার পাল। অবসর নেওয়ার প্রায় তিন বছর পরেও বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনও বিদ্যালয় থেকে আগ্রহ প্রকাশ করা হলেই বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে ট্রলি ব্যাগে করে সেখানে পৌঁছে যান তিনি। ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রীকে কাজে লাগিয়ে তৈরি মডেলের মাধ্যমে বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেন। তাঁর মডেলের মধ্যে রয়েছে পদার্থের জাড্য, ভরকেন্দ্র বা Centre of mass, পাস্কাল এবং নিউটনের বিভিন্ন সূত্র, ঘর্ষণ, অভিকর্ষ বল, সরল দোলক, আলোর প্রতিফলন, ম্যাগনেট, সৌরশক্তি, জলচক্র প্রভৃতি বিজ্ঞানের নানা বিষয়।
শুধু ছাত্রছাত্রীরাই নয়, তাঁর সেমিনার থেকে উপকৃত হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। অল্প খরচে কিংবা পরিত্যক্ত সামগ্রী ব্যবহার করে কীভাবে বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি করে শ্রেণিকক্ষে বিষয়গুলি সহজে বোঝানো যায়, সেই ধারণাও পাচ্ছেন তাঁরা।
নিগম নগর বেসিক ট্রেনিং কলেজেও ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন বিজ্ঞান মডেল নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি পৃথক বিজ্ঞান মডেল ল্যাব, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়েছে।
কি জানালেন অবসরপ্রাপ্ত প্রফেসর
ডঃ অরুণ কুমার পাল মনে করেন, বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে হাতে-কলমে শেখানো হলে পড়ুয়াদের মধ্যে বিষয়টির প্রতি আগ্রহ আরও বাড়ে। সেই লক্ষ্যেই অবসর জীবনের ব্যস্ততার মধ্যেও বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সেমিনার করছেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন