তপন বর্মন, দিনহাটা: দুর্গাপুজো (Durga Puja) মানেই শিল্প, ঐতিহ্য ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই নানা থিম ও অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে দিনহাটা শহর (Dinhata Durga Puja 2026) ও সংলগ্ন এলাকার পুজোমণ্ডপগুলি। কোথাও কলসি দিয়ে তৈরি হচ্ছে দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো মণ্ডপ, কোথাও ফুটে উঠবে অযোধ্যার রামমন্দির কিংবা মায়ানমারের বৌদ্ধ প্যাগোডার আদল। আবার কোথাও রুদ্রাক্ষের বিশাল আয়োজন, কোথাও প্রাচীন হরপ্পা সভ্যতার শিল্পনিদর্শন দর্শনার্থীদের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় কোচবিহারের (Cooch Behar Durga Puja Theme) দিনহাটার মণ্ডপগুলিতে থাকছে নানা চমক।
মদনমোহন বাড়ি: স্মৃতির ঠাকুরদালান
দিনহাটার মদনমোহন বাড়ির 'স্মৃতির ঠাকুরদালান' ঐতিহ্য ও ইতিহাসের আবহে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। অন্যদিকে, গোসানিমারির শিল্পীদের হাত ধরে কলসি দিয়ে তৈরি নানা দেবদেবীর মূর্তিতে সাজিয়ে তোলা হচ্ছে একটি পুজোমণ্ডপ। এবারে এই পুজো ১২৭তম বর্ষে পদার্পণ করছে।
বোর্ডিংপাড়া পুজো কমিটি: অযোধ্যার রামমন্দির
দিনহাটার বোর্ডিংপাড়া পুজো কমিটির (Boarding Para Durga Puja) এবারের পুজো ৬৩তম বর্ষে পদার্পণ করছে। অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। আনুমানিক ৪৫ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় মণ্ডপসজ্জার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত রয়েছেন নদিয়া ও মেদিনীপুরের শিল্পীরা।
গোসানিমারি আদর্শ ক্লাব: মায়ানমারের বৌদ্ধ প্যাগোডা
গোসানিমারি আদর্শ ক্লাবের এবারের পুজোর থিম মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে প্যাগোডা। ক্লাবের উদ্যোগে এই বিশেষ থিমকে বাস্তব রূপ দিতে কাজ চলছে। পুজোর মণ্ডপে বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে নান্দনিক পরিবেশ তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন উত্তম সাহা।
কিশোর সংঘ: ‘সৃজন’-এর ভাবনায় মণ্ডপসজ্জা
গোসানিমারি কিশোর সংঘের পুজো এবারে ৫৯তম বর্ষে পদার্পণ করছে। এবারের থিম ‘সৃজন’। পুরুলিয়া জালি ও চটের মতো উপকরণ ব্যবহারের পাশাপাশি বাঁশ ও বেল দিয়ে মণ্ডপসজ্জার পরিকল্পনা রয়েছে। মেদিনীপুরের শিল্পীদের হাত ধরে তৈরি হচ্ছে এই মণ্ডপ। দেশজ উপকরণ ও শিল্পভাবনার সমন্বয়ে দর্শনার্থীদের আকর্ষণ করার প্রস্তুতি চলছে।
![]() |
| ঝুড়ি পাড়া রাসবিহারী ইউনিট |
ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিট: ডোকরা শিল্পে হরপ্পার নিদর্শন
দিনহাটার ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিটের পুজো এবারে ৪৭তম বর্ষে পদার্পণ করছে। এবারের থিম ডোকরা শিল্প। মেদিনীপুরের শিল্পীদের পাশাপাশি ফালাকাটার সুজন পাল মণ্ডপসজ্জার কাজে যুক্ত রয়েছেন। পাটকাঠি, রাবার ও ফাইবারের মতো উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। হরপ্পা সভ্যতার প্রাচীন শিল্পনিদর্শন ও পুতুলের আদলে বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফাইবারের তৈরি পুতুলের মাধ্যমে প্রায় চার হাজার বছর আগের শিল্প ও সভ্যতার নানা দিক তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
চড়ক মেলার মাঠ সার্বজনীন: ‘রুদ্রাক্ষে রুদ্রাণী’
![]() |
| চড়ক মেলার মাঠ সার্বজনীন দুর্গাপুজো কমিটি |
এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে চড়ক মেলার মাঠ সার্বজনীন দুর্গাপুজো কমিটির ‘রুদ্রাক্ষে রুদ্রাণী’ থিম। প্রায় এক কোটি টাকা বাজেটের এই পুজোয় তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। পরিকল্পনা অনুযায়ী, মণ্ডপের প্রবেশদ্বার থেকে শুরু করে সাজসজ্জার বিভিন্ন অংশে ব্যবহার করা হবে রুদ্রাক্ষ। সমুদ্র মন্থনের দৃশ্যও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। কলকাতার শিল্পী সুব্রত ব্যানার্জির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই মণ্ডপ। রুদ্রাক্ষের অভিনব ব্যবহার ও পৌরাণিক কাহিনির উপস্থাপনা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
শহিদ কর্নার: চেন্নাইয়ের স্বামীনারায়ণ মন্দির
শহিদ কর্নারের (Shahid Corner Dinhata) পুজো এবারে ৬৩তম বর্ষে পদার্পণ করছে। চেন্নাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের শিল্পীরা প্রায় ৭৫ দিন ধরে এই মণ্ডপ নির্মাণের কাজ করছেন। প্রায় ৫০ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় ফোম ও ফাইবারের কাজের পাশাপাশি মণ্ডপের অভ্যন্তরে ঝিনুক, শঙ্খ ও বিভিন্ন সামুদ্রিক উপকরণ দিয়ে সাজসজ্জার পরিকল্পনা রয়েছে। আলোসজ্জার দায়িত্বে থাকছেন চন্দননগরের শিল্পীরা। দিনহাটার প্রতিমাশিল্পী জগন্নাথ সাহার হাতে তৈরি হচ্ছে প্রতিমা। চতুর্থীর দিন এই পুজোর উদ্বোধন হওয়ার কথা।
নাট্যসংস্থা: সাহেবগঞ্জ রোডের এই ক্লাবের এবারের নিবেদন 'ভারত আমার ভারত বর্ষ'।
![]() |
| নাট্যসংস্থা |
দিনহাটার পুজোমণ্ডপগুলির এই বৈচিত্র্য শুধু দর্শনার্থীদের বিনোদনই নয়, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ধারাকে কাছ থেকে দেখার সুযোগও করে দেবে। দেশীয় উপকরণ, ঐতিহাসিক নিদর্শন, ধর্মীয় স্থাপত্য ও পৌরাণিক কাহিনির মেলবন্ধনে এবারের দুর্গাপুজো দিনহাটায় বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।
.webp)
.webp)
.webp)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন