ডিজিটাল ডেস্ক: বুকে সংক্রমণের (Chest Infection) কারণে আবারও হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার সন্ধ্যায় ৯৮ বছর বয়সী এই জননেতাকে নতুন দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের পালমোনারি বিভাগে (Pulmonary Department) চিকিৎসকদের নিবিড় নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।
শারীরিক বিভিন্ন সমস্যার কারণে চলতি বছরের মে মাসেই এই হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারত রত্ন' প্রাপ্ত এই বর্ষীয়ান রাজনীতিককে। পরবর্তীতে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও শুক্রবার সন্ধ্যায় পুনরায় বুকে অস্বস্তি ও সংক্রমণ দেখা দেওয়ায় রাত সাড়ে সাতটা নাগাদ তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয়।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আডবাণীর নয়াদিল্লির বাসভবনে গিয়ে দেখা করেন এবং সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার বিশেষ দিনে তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহল।
১৯২৭ সালে করাচিতে (তৎকালীন অবিভক্ত ভারতে) জন্ম। আরএসএসের মাধ্যমেই রাজনৈতিক পথ চলা শুরু করেন। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার তিনি। জনতা দল ছেড়ে সঙ্গীদের নিয়ে বিজেপির জন্ম দেন। গত শতকের আটের দশকে ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বে রথযাত্রার মধ্যে দিয়েই অযোধ্যায় রামমন্দিরের আন্দোলনের প্রকৃত সূচনা। ২০০২-২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারত রত্ন’ পান আডবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন