শিক্ষা ও চাকরি ডেস্ক, সংবাদ একলব্য: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) ঘোষণা করল রাজ্য পুলিশে কনস্টেবল (WBP Constable) পদের চূড়ান্ত নিয়োগ পরীক্ষার ফলাফল। রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in-এ মেধা তালিকা (Final Merit List) এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
কোথায় দেখবেন ফল?
পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ (Date of Birth) ব্যবহার করে রেজাল্ট দেখতে ও মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবেন। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া ও মেডিকেল পরীক্ষার নির্দেশিকা জারি করবে বোর্ড।
কিভাবে জানবেন নিজের ফল?
নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দ্রুত ও সহজে দেখতে পরীক্ষার্থীদের নিচের ধাপগুলি অনুসরণ করতে বলা হয়েছে:
১. রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in-এ যান।
২. 'WBP Constable Result' বা 'Final Merit List'-এর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন।
৩. নিজের জেলা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ প্রদান করুন।
৪. স্ক্রিনে রেজাল্ট দেখতে পাবেন, যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখা ভালো।
শূন্যপদ ও কাট অফ
মোট ১১,৭৪৯টি শূন্যপদের মধ্যে পুরুষ কনস্টেবল পদে ৮,২১২ জন এবং মহিলা কনস্টেবল পদে ৩,৫৩৭ জনকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা (৮৫ নম্বর) এবং ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই প্যানেল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত মেধা তালিকায় উনরিজার্ভড (UR) বা সাধারণ বিভাগের পুরুষ প্রার্থীদের জন্য কাট-অফ মার্কস নির্ধারিত হয়েছে ৬৩.৪২ এবং মহিলাদের ক্ষেত্রে এই কাট-অফ ৪৭.১৭।
নির্বাচিত ও অনির্বাচিতদের দুটি পৃথক তালিকা
বোর্ডের ওয়েবসাইটে দুটি পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে একটি সাময়িকভাবে নির্বাচিত (Provisionally Selected) পরীক্ষার্থীদের জন্য এবং অন্যটি অনির্বাচিত (Not Selected) পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীরা নিজেদের আবেদন নম্বর (Application Serial Number), জন্মতারিখ এবং স্থায়ী জেলা নির্বাচন করে সরাসরি নিজেদের স্কোরকার্ড ও তালিকাটি দেখতে এবং ডাউনলোড করতে পারছেন।