মা আসছে ...

SIR-এ নাম বাদ পড়া নিয়ে সরব শতরূপ, নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর সম্পত্তি বিক্রির হুঁশিয়ারি

Shatarupa on SIR
Picture: SE

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী বড়ডোবা ও সিঙ্গীজানির মধ্যবর্তী জামতলা বাজারে সিপিআইএমের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।


কি বললেন শতরূপ ঘোষ?

শতরূপ ঘোষ বলেন, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের কথা বলছে বর্তমান রাজ্য সরকার। তাঁর প্রশ্ন, এসআইআর-এর নামে যেসব সাধারণ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নাম ফের ভোটার তালিকায় উঠবে, এই সময়কালে তাঁদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে?


তিনি আরও বলেন, নাম বাদ পড়ার কারণে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। পাশাপাশি এর ফলে সাধারণ মানুষের আরও নানা ধরনের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।


নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর সম্পত্তি বিক্রির হুঁশিয়ারি শতরূপের

এই প্রসঙ্গে শতরূপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং প্রধানমন্ত্রীকে তাঁদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করবেন তিনি। তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in