মা আসছে ...

ফরাক্কায় রেললাইনে ধস, বাতিল উত্তরবঙ্গগামী একগুচ্ছ ট্রেন! দুর্ভোগ মেটাতে অতিরিক্ত বাস চালাচ্ছ রাজ্য

many train cancelled
Picture: SE


শিলিগুড়ি, সংবাদ একলব্য: তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে মুষলধারে বৃষ্টির জেরে রেললাইনের নিচে মাটি ধসে বিপত্তি। এর জেরে উত্তরবঙ্গগামী রেল যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসসহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগ এড়াতে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।



ফরাক্কায় লাইনে ধস, থমকে রেল চলাচল

মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী অংশে লাইনের তলা থেকে মাটি সরে যাওয়ায় রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ট্র্যাক মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে রেল সূত্রের খবর।

নিরাপত্তার খাতিরে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে ছাড়ার অপেক্ষায় থাকা একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল করা হয়েছে।

যাত্রী দুর্ভোগ কমাতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ

হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় শিয়ালদহ, হাওড়া ও ধর্মতলা চত্বরে হাজারে হাজারে উত্তরবঙ্গমুখী যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি বিমানের ভাড়া অত্যধিক বেড়ে যাওয়ায় একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় সড়কপথ।


পরিস্থিতি সামাল দিতে পরিবহন মন্ত্রী রাজ্য পরিবহন নিগম (NBSTC / SBSTC) এবং বেসরকারি বাস চালকদের অতিরিক্ত বাস চালানোর নির্দেশ দেন। কলকাতার ধর্মতলা, করুণাময়ী এবং উত্তরবঙ্গের বিভিন্ন টার্মিনাল থেকে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারেন। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in