তপন বর্মন, দিনহাটা: শিক্ষকদের পায়ে ফুটবল, মাঠে জমজমাট লড়াই। শিক্ষক দিবস উদযাপন কমিটি, দিনহাটার উদ্যোগে নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘মহর্ষি ব্যাসদেব শিক্ষা গুরু ফুটবল কাপ’। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত এই চার দলীয় প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মাঠে ছিল উৎসবের আবহ।
প্রথম পর্বের ম্যাচের হাইলাইটস
প্রতিযোগিতায় দিনহাটা বিধানসভা ও সিতাই বিধানসভা থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় দিনহাটা বিধানসভা প্রাথমিক একাদশ ও সিতাই বিধানসভা প্রাথমিক একাদশ। ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে সিতাই প্রাথমিক একাদশ।
দ্বিতীয় ম্যাচে দিনহাটা বিধানসভা উচ্চ বিদ্যালয় একাদশের মুখোমুখি হয় সিতাই বিধানসভা উচ্চ বিদ্যালয় একাদশ। এই ম্যাচেও ২-০ গোলে জয়লাভ করে সিতাই উচ্চ বিদ্যালয় একাদশ এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফাইনালে লড়াই দু-দলের
চূড়ান্ত পর্যায়ের খেলায় সিতাই প্রাথমিক একাদশ ও সিতাই উচ্চ বিদ্যালয় একাদশ মুখোমুখি হয়। টানটান লড়াইয়ের পর ২-০ গোলে জয়লাভ করে সিতাই প্রাথমিক একাদশ। তারাই ‘মহর্ষি ব্যাসদেব শিক্ষা গুরু ফুটবল কাপ’-এর চ্যাম্পিয়ন হয়।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন শিক্ষক গোলাম সারওয়ার।
কি বললেন পরিচালন কমিটির কনভেনার
শিক্ষক দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই ফুটবল ম্যাচে শিক্ষকদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং পারস্পরিক সৌহার্দ্যের চিত্র ফুটে ওঠে।
এ বিষয়ে খেলা পরিচালন কমিটির কনভেনার ভবতোষ দে বলেন ' বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষকদের এধরণের খেলার আয়োজন শিক্ষকদের আনন্দ ও শরীরচর্চার সহায়ক হয়ে উঠবে। "