ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের ২০২০ সালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।
বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) বিচারপতি সারং কোতওয়াল এবং বিচারপতি রঞ্জিৎসিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। সিবিআই-কে অবিলম্বে এফআইআর (FIR) দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ
এফআইআর রুজু ও বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত। জানা যাচ্ছে, সিবিআই-কে এফআইআর দায়ের করতে হবে এবং দিশার বাবা সতীশ সালিয়ানের বয়ান রেকর্ড করতে হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা থেকে জানা গেছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, সিবিআই-কে একজন উপযুক্ত অভিজ্ঞ ও ঊর্ধ্বতন আধিকারিকের হাতে এই স্পর্শকাতর মামলার তদন্তভার তুলে দিতে হবে। সিবিআই তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট জমা দিলে, সতীশ সালিয়ানের কাছে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ জানানোর আইনি অধিকার বহাল থাকবে।
মামলার প্রেক্ষাপট ও পরিবারের দাবি
২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে গিয়ে দিশা সালিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তের পর অপমৃত্যুর (ADR) মামলা রজু করে। তবে মুম্বাই পুলিশের এই দাবি মেনে নিতে অস্বীকার করেন দিশার বাবা সতীশ সালিয়ান। তিনি হাইকোর্টে একটি আবেদন জানিয়ে অভিযোগ করেন যে, তাঁর মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং মূল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।
আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ পরিবার
বোম্বে হাইকোর্টের এই নির্দেশের পর সংবাদ মাধ্যম 'ইণ্ডিয়া টুডে'-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের এই রায়ে ন্যায়বিচারের আশায় এক ধাপ ইতিবাচক পরিবর্তন এলো বলে মনে করা হচ্ছে।
এই খবরটি বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে করা হয়েছে। আরো বিস্তারিত জানতে বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।