সমীর হোসেন, দিনহাটা: মেরামত চলার সময় দিনহাটার কৃষিমেলা প্রাঙ্গণ সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-র ডিপোতে আকস্মিক বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে একটি সরকারি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনা চলাকালীন কাজ করতে গিয়ে মনতোষ দেবনাথ নামে সংস্থার এক মেকানিক গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেরামতের সময়ই আচমকা বিপর্যয়
ডিপো সূত্রের খবর, কালিয়াগঞ্জ থেকে দিনহাটায় আসা একটি বাসে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ করছিলেন ডিপোর কর্মচারীরা। কাজ চলাকালীন বিকেল চারটে নাগাদ হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। প্রথমে ডিপোতে থাকা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
পুড়ে ছাই গোটা বাস, হাসপাতালে কর্মী
খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাসের ভেতরের সিট, বডি এবং টায়ারসহ প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের তাণ্ডবে চরম চাঞ্চল্য ছড়ায় গোটা কৃষিমেলা চত্বরে। ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিপোর অন্য কর্মী ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে।
উদ্বেগ ও তদন্তের নির্দেশ
কীভাবে এক লহমায় চলন্ত কাজ চলাকালীন আগুন লাগলো, শর্ট সার্কিট নাকি অন্য কোনো প্রযুক্তিগত গাফিলতি রয়েছে তা নিয়ে জোড় জল্পনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ডিপোতে পৌঁছান পরিবহন নিগমের পদস্থ কর্তারা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।