মা আসছে ...

রাজনীতির প্রোটোকল সরিয়ে খুদে পড়ুয়ার আবদার রক্ষা! ছাত্রের হাত ধরে সোজা তার বাড়িতে বিধায়ক অজয় রায়

Dinhata MLA Ajay Roy, Gopalnagar High School Teachers Day
Picture: SE

সমীর হোসেন, দিনহাটা: শিক্ষক দিবসের অনুষ্ঠানে ক্ষমতার চেনা দাপট ও প্রোটোকলকে একপাশে সরিয়ে রেখে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। ষষ্ঠ শ্রেণির এক নিষ্পাপ খুদে ছাত্রের দীর্ঘদিনের এক স্বপ্নের আবদার মেটাতে সোজা হাজির হলেন তার সাধারণ গ্রামীণ বাড়িতে। বিধায়ককে নিজেদের ঘরে পেয়ে আবেগাপ্লুত ছাত্র এবং তার পরিবার।


ঘটনার সূত্রপাত গোপালনগর হাই স্কুলে

ঘটনাটি ঘটেছে গোপালনগর হাই স্কুলে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। স্কুলের অনুষ্ঠান শেষ হতেই ঘটে এক অন্যরকম ঘটনা।


ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী বিধায়কের কাছে গিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানায়। ছেলেটির দীর্ঘ এক বছরের ইচ্ছে ছিল অজয় রায়-কে নিজের বাড়ি নিয়ে গিয়ে মায়ের সঙ্গে দেখা করাবে।


ছাত্রের হাত ধরে সোজা জামতলার বাড়িতে

খুদে ভক্তের এমন স্বতঃস্ফূর্ত ও আন্তরিক আবদার ফেরাতে পারেননি জনপ্রতিনিধি অজয় রায়। কোনো দ্বিধা না করেই তৎক্ষণাৎ রাজি হয়ে যান তিনি। এরপর ওই ছাত্রকে নিজের গাড়িতে বসিয়েই সোজা রওনা দেন দিনহাটার জামতলা এলাকায় তার উদ্দেশ্যে।


হঠাৎ এলাকার বিধায়ককে নিজেদের উঠোনে দেখতে পেয়ে অবাক ও আনন্দে আত্মহারা হয়ে পড়েন ছাত্রের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।


‘এক বছরের স্বপ্নপূরণ’

উচ্ছ্বসিত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী জানায়, "গত এক বছর ধরে অজয় স্যারকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আজ শিক্ষক দিবসে সুযোগ পেয়েই স্যারকে অনুরোধ করি। স্যার আমার মতো ছোট মানুষের কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে আসায় আমি ও আমার পরিবার ভীষণ খুশি।"

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in