নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: শারদোৎসবের ঢাঁকের বাদ্যি বাজতে আর বেশি দেরি নেই! এরই মধ্যে কোচবিহারের দিনহাটায় শুরু হয়ে গেল পুজোর জোরকদমে প্রস্তুতি। ৪৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করল ঐতিহ্যবাহী ‘ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিট’। লোকশিল্পের বিলুপ্তপ্রায় ধারাকে নতুন করে উদযাপনের বার্তা দিয়ে এবারের পুজোয় তাদের বিশেষ নিবেদন ‘গ্রামবাংলার ডোকরা শিল্প’।
বিধায়ক অজয় রায়ের হাতে খুঁটি পুজো সূচনা
শুক্রবার শাস্ত্রীয় আচার ও জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে মণ্ডপ নির্মাণের খুঁটি পুজো সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুঁটি পুজো সম্পাদন করেন দিনহাটার বিধায়ক অজয় রায়।
অনুষ্ঠানে বিধায়ক অজয় রায় জানান, "বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবকে ঘিরে সমস্ত মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। ঝুড়ি পাড়া রাসবিহারী ইউনিট প্রত্যেকবারই নতুন নতুন থিমের ভাবনা রাখে। সকলে সমবেত হয়ে এবার রাসবিহারী ইউনিটের পূজাকে সাফল্য মন্ডিত করে তুলুন এই আশা রাখছি।"
থিম ভাবনা: 'গ্রামবাংলার ডোকরা শিল্প'
বাঙালির লোকসংস্কৃতির এক অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যম হলো ডোকরা শিল্প। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমার সাজে—সর্বত্রই এই শিল্পের শৈল্পিক ছোঁয়া থাকবে। উদ্যোক্তাদের উদ্দেশ্য হলো, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই বিশেষ শিল্পকলাকে দর্শনার্থীদের সামনে জীবন্তভাবে ফুটিয়ে তোলা।
উৎসাহ ও উদ্দীপনা দিনহাটা জুড়ে
খুঁটি পুজো হতেই স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। পুজো কমিটির আশা, প্রাচীন ঐতিহ্য ও গ্রামবাংলার সংস্কৃতি নির্ভর এই ডোকরা শিল্পের থিম দর্শনার্থীদের মনে বিশেষ সাড়া ফেলবে এবং এবারের ৪৭তম বর্ষের পুজো অনন্য রূপ পাবে।