মা আসছে ...

দিনহাটা সীমান্তে কাঁটাতারের ওপারে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন ঘিরে চাঞ্চল্য

Dinhata border mysterious death man found dead across barbed wire
Graphics: SE

সমীর হোসেন, দিনহাটা: কাঁটাতারের ওপারে নিজেদের জমি থেকে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটার সীমান্ত এলাকায় (Dinhata Border News)। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ (Sahebganj Police Station)।

কাঁটাতারের ওপারে কীভাবে মৃত্যু?

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জগদীশ পত্রনবিশ (Jagadish Patranabish Death)। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর বাড়ি সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের সেউতি-১ এলাকার কাঁটাতারের ওপারে।

পরিবারের দাবি, গতকাল দুপুর প্রায় ১২টা নাগাদ কাঁটাতারের গেট পেরিয়ে এপারে এসেছিলেন জগদীশবাবু। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের অনুমান, সম্ভবত সীমান্ত সংলগ্ন এলাকার কোনো বাড়িতেই তিনি রাত কাটিয়েছিলেন। এরপর আজ সকাল ৭টা নাগাদ বিএসএফ (BSF)-এর গেট খোলার পর তিনি ফের কাঁটাতারের ওপারে নিজের জমির দিকে চলে যান।

মহিলাদের নজরে আসে অচৈতন্য দেহ

মৃতের ছোট ভাই সজল পত্রনবিশ জানান, দুপুরে এলাকার কয়েকজন মহিলা ঘাস কাটতে গিয়ে প্রথমে জমির মধ্যে তাঁর দাদাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন এবং বিএসএফের সহযোগিতায় তাঁকে কাঁটাতারের এপারে নিয়ে আসেন।

এরপর দ্রুত তাঁকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Bamanhat Block Primary Health Centre) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Cooch Behar News Bengali)।

আঘাতের চিহ্ন ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

মৃত্যুর খবর পেয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. দিনহাটা সীমান্তে কার মৃতদেহ উদ্ধার হয়েছে?

দিনহাটার সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের সেউতি-১ এলাকার কাঁটাতারের ওপারে জগদীশ পত্রনবিশ নামে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।

২. মৃতের শরীরে কি কোনো আঘাতের চিহ্ন ছিল?

হ্যাঁ, সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে যে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এই মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।

৩. এই ঘটনার তদন্ত কে করছে?

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in