মা আসছে ...

শালমারায় পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তি! আটক দুই

sahebganj police arrested two on salmara case
Picture: SE


সমীর হোসেন, দিনহাটা: কোচবিহারের দিনহাটার শালমারায় অঞ্চল বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল। সংঘর্ষের মাঝে প্রকাশ্যে চলল গুলি ও তীর। তীরের আঘাতে গুরুতর জখম হয়ে এক বিজেপি মহিলা কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী।


সংঘর্ষের মূল কারণ ও ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে খবর, দিনহাটা শালমারা এলাকায় স্থানীয় বিজেপি নেতা তরণী কান্ত রায় এবং যূথিকা রায় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিবাদ চলছিল। বৃহস্পতিবার সকালে অঞ্চল বোর্ড গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সমর্থকরা মুখোমুখি জমা হতে শুরু করে।

বচসা থেকে শুরু করে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, তাণ্ডব চলাকালীন অন্তত দুই রাউন্ড গুলি চালানো হয় এবং পরস্পরকে লক্ষ্য করে ছোড়া হয় তীর।



মহিলা কর্মী জখম

এই সংঘর্ষে যূথিকা রায় গোষ্ঠীর সমর্থক তথা স্থানীয় বিজেপি মহিলা কর্মী শান্তি তালুকদার তীরের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।


পুলিশের পদক্ষেপ

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দিনহাটার এসডিপিও (SDPO) প্রশান্ত দেবনাথ, আইসি (IC) বুধাদিত্য রায়, সাহেবগঞ্জ থানার ওসি (OC) ধীমান কারজি সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় শান্তি বজায় রাখতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। জানা যায়, অতুল বর্মন এবং একজন পঞ্চায়েত সদস্য স্বামী অহিন্দ নাথ বর্মনকে আটক করেছে পুলিশ।সঙ্গে একটি চার চাকা গাড়ি এবং একটি মোটর বাইক। হেফাজতে নিয়েছে বলে খবর। 

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in