মা আসছে ...

চার মাস ধরে বেতন বন্ধ, পুনরায় কমিটি গঠনের দাবি কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতির ফাঁসির ঘাটের কর্মীদের

deputation
Picture: SE


নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত বেতন মেটানোর দাবিতে কোচবিহার জেলা শাসকের কাছে দাবি পত্র জমা দিলেন কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতির কর্মীরা। একইসঙ্গে সমিতির নতুন করে কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তাঁরা।


উল্লেখ্য, কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকায় তোরসা নদীর উপর বর্ষাকালে নৌকায় এবং অন্যান্য সময়ে পারাপারের দায়িত্বে রয়েছে কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতি। দীর্ঘদিন ধরে এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন সমিতির অধীনে কর্মরত কর্মীরা।


কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার পরিবর্তনের পর জলপথ সমবায় পরিবহন সমিতিটি বাতিল হয়ে যায়। এরপর নতুন করে সমিতির কোনও কমিটি গঠন করা হয়নি। এর ফলে একদিকে যেমন সমিতির প্রশাসনিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে সমস্যায় পড়েছেন সেখানে কর্মরত কর্মীরা।


কর্মীদের দাবি, তাঁরা দীর্ঘ চার মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে পরিবার নিয়ে আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের। অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি সমিতির ভবিষ্যৎ কার্যক্রম স্বাভাবিক করতে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন কর্মীরা।


এই দাবিগুলিকে সামনে রেখেই আজ কোচবিহার জেলা শাসকের কাছে একটি দাবি পত্র তুলে দেন সমিতির কর্মীরা। দ্রুত তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে তাঁরা আশাবাদী।


কর্মীদের মূল দাবি, চার মাসের বকেয়া বেতন দ্রুত প্রদান এবং কোচবিহার জলপথ সমবায় পরিবহন সমিতির নতুন কমিটি গঠন করে পরিষেবা ও কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in