সমীর হোসেন, দিনহাটা: শিশুদের দেওয়া পুষ্টিকর খাবারের খিচুড়ি ও সয়াবিনে কিলবিল করছে পোকা! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন গুরুতর গাফিলতির অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটল বড় নাচিনা কুঠিবাড়ি এলাকায়। নিম্নমানের ও পোকা ধরা খাবার পরিবেশনের প্রতিবাদে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিইয়ে তুমুল বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সূত্রপাত ও স্থানীয়দের অভিযোগ
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য রান্না করা খিচুড়ি ও সয়াবিন বাড়িতে নিয়ে যান অভিভাবকরা। কিন্তু বাড়িতে খাবার দেওয়ার সময় চমকে ওঠেন তারা। অভিযোগ, সয়াবিনের তরকারি ও খিচুড়ির মধ্যে একাধিক জ্যান্ত পোকা ঘোরাফেরা করছিল।
ছোট ছোট শিশুদের এই পোকা ধরা খাবার খাওয়ালে গুরুতর বিষক্রিয়া ও শরীরে মারাত্মক রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, যেখানে সরকার থেকে শিশুদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে কীভাবে দিনের পর দিন এমন বিষাক্ত খাবার পরিবেশন করা হচ্ছে?
স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ
শুধু খাবারের নিম্নমানই নয়, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারপাশের পরিবেশ নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, কেন্দ্রের ঠিক সামনের অংশে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা না থাকায় অপরিষ্কার জল জমে রয়েছে। সেখান থেকে ব্যাপক মশার উপদ্রব তৈরি হচ্ছে, যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
এই সমস্ত অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে বড় নাচিনা কুঠিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জড়ো হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁরা কেন্দ্রের মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে এই সম্পূর্ণ ঘটনায় সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।