তপন বর্মন, দিনহাটা: আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হল দিনহাটা ১ ও ২ নম্বর ব্লকের পাঁচটি শিক্ষা কেন্দ্রে। এ.পি.সি. রায় ফাউন্ডেশনের উদ্যোগে এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM), বিদ্যালয় শিক্ষা, পশ্চিমবঙ্গের সহযোগিতায় এই পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষার কেন্দ্রগুলি হল নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়, বামনহাট হাই স্কুল, গীতালদহ হাই স্কুল, দিনহাটা হাই স্কুল এবং গোসানীমারী উচ্চ বিদ্যালয়। দিনহাটা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পাঁচটি কেন্দ্রে সব মিলিয়ে প্রায় ১,৭০০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য আয়োজিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ের উপর বহুনির্বাচনীমূলক প্রশ্ন ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা পশ্চিমবঙ্গের ২০টি জেলার প্রায় ৮৪ হাজার ছাত্রছাত্রী এবছর এই প্রতিভা অন্বেষণ অভীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার সঙ্গে যুক্ত সকল কার্যকর্তা ও সহযোগীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছে ABRSM।