নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পুজোর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় ১৫০টি নতুন বাস দেওয়ার কথা জানাল পরিবহন দপ্তর। পাশাপাশি সংস্থায় দীর্ঘদিন ধরে থাকা কর্মী সংকট মেটাতে শূন্যপদ পূরণেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার পরিবহন ভবনে মন্ত্রীকে সংবর্ধনা
মন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার পরিবহন ভবনে যান আনন্দময় বর্মন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সংস্থার আধিকারিকদের সঙ্গে পরিবহন পরিষেবা, বাসের সংখ্যা, কর্মী সংকট এবং পরিকাঠামো নিয়ে বৈঠক করেন তিনি।
আপাতত ১৫০টি, আগামীতে ৬০০ টি বাস
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে বাসের চাহিদা এবং কর্মীর ঘাটতি রয়েছে। সেই সমস্যাগুলি ধাপে ধাপে মেটানোর চেষ্টা করা হবে।
তিনি জানান, পুজোর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে ১৫০টি বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও প্রায় ৬০০টি বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ডিপো তৈরি এবং পুরনো পরিকাঠামো উন্নত করার উদ্যোগও নেওয়া হবে।
দ্রুত শূন্যপদে নিয়োগের আশ্বাস মন্ত্রীর
কর্মী সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থায় প্রায় তিন হাজার স্থায়ী কর্মী থাকার কথা থাকলেও বর্তমানে সেই সংখ্যা প্রায় ৩০০-তে নেমে এসেছে। আর্থিক সমস্যার কথা উল্লেখ করেও দ্রুত শূন্যপদ পূরণের চেষ্টা করা হবে বলে জানান তিনি। নতুন বাস চালানোর জন্য ড্রাইভার, কন্ট্রাক্টর এবং মেকানিক্যাল কর্মী নিয়োগের প্রক্রিয়াও চলছে বলে জানান মন্ত্রী।
বাস ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে কি বললেন প্রতিমন্ত্রী?
এদিকে বাস ভাড়া বৃদ্ধি নিয়েও মুখ খোলেন পরিবহন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, ২০১৮ সালের পর থেকে বাস ভাড়া বাড়েনি। জ্বালানি ও অন্যান্য খরচ বেড়েছে, তাই বাস মালিকদের তরফে ভাড়া বৃদ্ধির দাবি রয়েছে। তবে পুজোর আগে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাস ভাড়া বাড়ানো হবে না। পুজোর পর পরিস্থিতি পর্যালোচনা করে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।