আরিফ হোসেন, দিনহাটা: স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্দীপনা বাড়াতে দিনহাটার ওকড়াবাড়ীতে শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। ‘জাতীয় তরুণ সংঘ’-এর পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ওকড়াবাড়ী হাই স্কুল প্রাঙ্গণে। ৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনহাটা বিধানসভার বিধায়ক অজয় রায়।
আজ ১৬ই আগস্ট চার দলের খেলা অনুষ্ঠিত হয়। ১৮ই আগস্ট অনুষ্ঠিত হবে চার দলের খেলা। ১৯শে আগস্ট প্রতিযোগিতার মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে এই নকআউট পর্বের খেলাগুলি সাজানো হয়েছে।
টুর্নামেন্টের গ্রুপ ও দল বিন্যাস:
গ্রুপ-এ (খেলার তারিখ: ১৬ই আগস্ট, রবিবার):
১. বামনহাট যুব সংঘ বি.এন.রায় ফুটবল একাডেমি
২. ডলফিন একাদশ
৩. ওকড়াবাড়ী জে.টি.এস-১
৪. ভেটাগুড়ি সাউথ কর্নার
এদিন বামনহাট যুব সংঘ বি.এন.রায় ফুটবল একাডেমি সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে।
গ্রুপ-বি (খেলার তারিখ: ১৮ই আগস্ট, মঙ্গলবার):
১. পাখিহাগা ফাইটার ক্লাব
২. দিনহাটা এ.ডি.পি ডন কোচিং ক্যাম্প
৩. ওকড়াবাড়ী জে.টি.এস-২
৪. জামাদার বস ফুটবল একাডেমি
দুই গ্রুপের বিজয়ী দলগুলির লড়াই শেষে আগামী ১৯শে আগস্ট, বুধবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ফাইনাল খেলা। স্থানীয় ফুটবলপ্রেমী মানুষদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বিশিষ্টজনেদের উপস্থিতি
এই খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভার বিধায়ক অজয় রায়, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম ও সিআরপিএফ জওয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারে বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মন।
ফুটবল প্রেমীদের ভিড়, কি বলছে আয়োজক ক্লাব
এদিনের এই খেলায় দর্শকদের উপস্থিত ছিল নজরকাড়া। মেগা এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজির হয়েছে বহু মানুষ। জাতীয় তরুণ সংঘের ক্লাব সম্পাদক তোফাজ্জল আলী জানান, প্রতি বছর আমরা এই খেলা আয়োজন করি। প্রত্যেক বছরের মতো এবছরেও বেশ উন্মাদনা দেখা যাচ্ছে খেলোয়াড় থেকে দর্শক সকলের মধ্যে।