কোচবিহার: মোবাইলে পরিচয়, আর সেই প্রেমের টানে (Online Love Trap) স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়া! শেষমেশ অসমে টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ দুই নাবালিকাকে উদ্ধার করল সাহেবগঞ্জ পুলিশ (Sahebganj Police Rescue)। সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকা, সামাজিক মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ না করা এবং অনলাইন প্রতারণার ফাঁদে না পড়তে স্কুলে স্কুলে চলছে পুলিশের লাগাতার সচেতনতামূলক প্রচার। কিন্তু সেই সচেতনতার পাঠ কতটা বাস্তব জীবনে কাজে লাগছে, তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল কোচবিহারের বুড়িরহাট-১ নং গ্রাম পঞ্চায়েতের ভুলকি গ্রামের দুই নাবালিকার নিখোঁজ (Minor Girls Missing Cooch Behar) হওয়ার ঘটনা।
কীভাবে নিখোঁজ হয় ওই ২ নাবালিকা?
সাহেবগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা মহকুমার অন্তর্গত ভুলকি গ্রামের ১৫ বছর বয়সি দুই নাবালিকার মোবাইল ফোনের মাধ্যমে ভিন রাজ্যের দুই যুবকের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয় বলে জানা গিয়েছে। এরপর গত ২৪ অগাস্ট স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই দুই নাবালিকা।
কিন্তু বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রথমে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজ করা হয়। সেখানে তাদের কোনো সন্ধান না মেলায় ওই রাতেই সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
টাওয়ার লোকেশন ট্র্যাক করে উদ্ধার অসমে
অভিযোগ পাওয়ার পরই তৎপরতার সঙ্গে তদন্তে নামে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন-সহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ দুই নাবালিকা অসমের ধুবরি জেলার (Assam Dhubri Rescue) একটি প্রত্যন্ত এলাকায় অবস্থান করছে। এরপর ২৬ অগাস্ট সেখানে পৌঁছে দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোবাইলে পরিচিত হওয়া ওই যুবকদের কথায় ভুল বুঝিয়ে দুই নাবালিকাকে অসমে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। কিন্তু সেখানে পৌঁছনোর পর তারা ওই যুবকদের দেখতে পায়নি। ফলে কার্যত দিশেহারা হয়ে একটি প্রত্যন্ত গ্রামে ঘুরছিল তারা। শেষ পর্যন্ত সাহেবগঞ্জ থানার পুলিশ তাদের উদ্ধার করে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করে।
অভিভাবকদের সচেতনতার অভাব?
সাহেবগঞ্জ থানার এক আধিকারিক জানান, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নাবালিকাদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি বলেন, এ ধরনের ঘটনা রুখতে শুধু পুলিশের সাইবার সচেতনতা প্রচার (Cyber Crime Awareness) নয়, অভিভাবকদেরও আরও সতর্ক ও সচেতন হওয়া জরুরি।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে—স্কুলে সাইবার সচেতনতার পাঠ চললেও বাড়িতে সন্তানদের মোবাইল ব্যবহার, সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ এবং অনলাইন পরিচিতদের সম্পর্কে অভিভাবকদের নজরদারি ও সচেতনতা সত্যিই কতটা রয়েছে?
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. কোচবিহারের কোন এলাকা থেকে ওই ২ নাবালিকা নিখোঁজ হয়েছিল?
কোচবিহারের দিনহাটা মহকুমার অন্তর্গত সাহেবগঞ্জ থানার অধীন বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ভুলকি গ্রাম থেকে ১৫ বছর বয়সী ওই দুই নাবালিকা নিখোঁজ হয়েছিল।
২. পুলিশ তাদের কোথা থেকে উদ্ধার করে?
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাহেবগঞ্জ থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অসমের ধুবরি জেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে।
৩. তারা বাড়ি থেকে কেন পালিয়েছিল?
মোবাইল ফোনের মাধ্যমে অপরিচিত দুই যুবকের সাথে তাদের অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবকদের কথায় প্ররোচিত হয়েই তারা অসমের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়েছিল।