কলকাতা, সংবাদ একলব্য: নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও গতি আনতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের আওতায় থাকা সমস্ত শূন্যপদের নিয়োগ পরীক্ষা পরিচালনা ও তদারকি করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সম্প্রতি নবান্নের তরফে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
পুরনো বিতর্ক ও মামলা এড়াতেই নবান্নের এই সিদ্ধান্ত
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভা, পুরনিগম এবং সমবায় ব্যাঙ্কসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে অতীতে একাধিক বিতর্ক, মামলা এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সমস্ত জটিলতা সম্পূর্ণ এড়াতে এবং পুরো প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেই নিয়োগের দায়িত্ব পিএসসি-র মতো সাংবিধানিক ও অভিজ্ঞ সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পিএসসি-র অধীনে পরিচালিত হবে পুরো নিয়োগ প্রক্রিয়া
নতুন এই নির্দেশিকার ফলে এখন থেকে পুরসভা কিংবা সমবায় সংস্থায় নিয়োগের জন্য আলাদা করে আর কোনো পরীক্ষা নেবে না মিউনিসিপ্যাল বা কো-অপারেটিভ সার্ভিস কমিশন। নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইন আবেদন গ্রহণ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পরিচালনা থেকে শুরু করে চূড়ান্ত প্যানেল তৈরির পুরো কাজটাই সরাসরি সম্পন্ন করবে পাবলিক সার্ভিস কমিশন।
সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছন চাকরিপ্রার্থীরা, শীঘ্রই নতুন বিজ্ঞপ্তির সম্ভাবনা
রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের মতে, একটি কেন্দ্রীয় ও সাংবিধানিক সংস্থার অধীনে পরীক্ষা পরিচালিত হলে অনিয়মের সুযোগ যেমন কমবে, তেমনই নিয়োগ প্রক্রিয়ার ওপর আস্থা বৃদ্ধি পাবে। খুব শীঘ্রই এই নতুন কাঠামোর ওপর ভিত্তি করে পিএসসি-র পক্ষ থেকে পরবর্তী নিয়োগের সূচি ও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। হিসাব অনুযায়ী, গ্রুপ এ, বি এবং সি মিলিয়ে মোট ১৭,৭১৪টি পদে ধাপে ধাপে নিয়োগের কাজ সম্পন্ন হবে। তার মধ্যে ৫৪টি সরকারি দফতরে ‘গ্রুপ এ’-তেই ২,৪৯০টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘গ্রুপ বি’-তে ২,৮৪৮টি শূন্যপদ পূরণ করা হবে। বাকি নিয়োগ হবে ‘গ্রুপ সি’ পদে। শীঘ্রই ৮,০০৬টি নতুন শূন্যপদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে পিএসসি।