দিনহাটা শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা পার্থ সাহা

দিনহাটা শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা পার্থ সাহা
Graphics: SE


সমীর হোসেন, দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলেন দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল প্রাক্তন সভাপতি পার্থ সাহা। 


শিলিগুড়ি থেকে গ্রেফতার পার্থ সাহা

বুধবার পার্থ সাহাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মামলায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা শহর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বিশু ধর ইতিমধ্যেই আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। 

   

একে একে বাড়ছে গ্রেফতারের সংখ্যা, জড়িত অনেকেই

বিধানসভা ভোটের ফলাফলের দিন দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল প্রাক্তন সভাপতি পার্থ সাহা তৃণমূলের অন্যান্য নেতা- মন্ত্রীদের মতোই দিনহাটা থেকে গা ঢাকা দেন। রাজ্যে পালাবদলের পরেই দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু মঙ্গল সমিতির দুর্নীতি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জমা পড়ে। পাশাপাশি হাউস ফর অল প্রকল্পে অবৈধভাবে অর্থ তোলার অভিযোগে একটি অভিযোগ দায়ের হয় দিনহাটা থানায়। সেই অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ। সেই মামলার তদন্ত চলাকালীন উদয়ন গুহের বিরুদ্ধে শিশু মঙ্গল সমিতির দুর্নীতির মামলা রুজু করা হয়। পাশাপাশি এই মামলায় দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধরকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। কখনো জেল হেফাজত আবার কখনো পুলিশ হেফাজত চলতে থাকে। বর্তমানে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবং বিশু ধর উভয়েই আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। শিশুমঙ্গল সমিতির মামলায় প্রায় এক ডজনেরও বেশি ব্যক্তির নাম রয়েছে। তার মধ্যে তৃণমূল নেতা পার্থ সাহার নামও রয়েছে। পার্থ সাহাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই নানা কৌশল নিয়েছে।এদিন শিলিগুড়ি থেকে পার্থ সাহাকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। জানা গিয়েছে, ওই মামলায় যেমন উদয়নপুত্র সায়ন্তন গুহের নাম রয়েছে, তেমনি দিনহাটার বিশিষ্ট চিকিৎসক বিদ্যুৎ কমল সাহার নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, একে একে সবাই গ্রেপ্তার হবে।

   

তৃণমূলের সবাই চোর, দুষ্কৃতকারী: অজয় রায়

এ বিষয়ে দিনহাটার বিধায়ক অজয় রায় বলেন, তৃণমূলের সবাই চোর, দুষ্কৃতকারী। ওরা প্রচুর মানুষের বাড়িঘর ভাঙচুর লুটপাট চালিয়েছে। তোলাবাজি করেছে সাধারণ মানুষের কাছ থেকে। পার্থ সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা জেলে থাকলেই ভালো থাকবে। সাধারণ মানুষের হাতে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in