মা আসছে ...

কচুরিপানা তুলতে জলে নেমে নিখোঁজ, ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি, শেষে নদীর অন্য পাড়ে ঘুমন্ত অবস্থায় উদ্ধার

dinhata news
Picture: SE

সমীর হোসেন, দিনহাটা: কচুরিপানা তুলতে জলে নামার পর হঠাৎ নিখোঁজ এক ব্যক্তি। খবর ছড়িয়ে পড়তেই সাহেবগঞ্জে শুরু হয় তীব্র চাঞ্চল্য। জলে ডুবে যাওয়ার আশঙ্কায় পুলিশ, সিভিল ডিফেন্স এবং স্থানীয় মৎস্যজীবীরা দীর্ঘক্ষণ ধরে চালান তল্লাশি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর মিলল সম্পূর্ণ ভিন্ন তথ্য। নিখোঁজ ব্যক্তি জলের অন্য পাড়ে গিয়ে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়। পরে নেশা কাটতেই তাঁর সন্ধান মেলে।


কচুরিপানা তুলতে গিয়ে নিখোঁজ ব্যক্তি

ঘটনাটি বৃহস্পতিবার দিনহাটার সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন ছড়া এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম প্রাণ গোবিন্দ বর্মন। জানা গিয়েছে, এদিন সকালে কচুরিপানা পরিষ্কারের কাজে ছড়ায় যান তিনি। দুপুরে জলে নামার পর আচমকাই তাঁকে আর দেখা যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মী ও স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়।


তল্লাশিতে সিভিল ডিফেন্স ও পুলিশ

খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সিভিল ডিফেন্স কর্মীদেরও ঘটনাস্থলে আনা হয়। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় নৌকা নিয়ে ছড়ার বিভিন্ন অংশে শুরু হয় তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিড় জমতে থাকে। পরিবারের সদস্যদের মধ্যেও তৈরি হয় উৎকণ্ঠা।


ডুবে নিখোঁজ নয়, ঘুমিয়ে পড়েছেন নিখোঁজ ব্যক্তি

দীর্ঘ সময় ধরে তল্লাশি চলার পর আচমকাই বদলে যায় গোটা ঘটনার চিত্র। জানা যায়, প্রাণ গোবিন্দ বর্মন জলে ডুবে নিখোঁজ হননি। তিনি মদ্যপ অবস্থায় জলে নেমে ছড়ার অন্য পাড়ে চলে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন বলে জানা যায়। পরে নেশা কাটার পর তাঁকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সাহেবগঞ্জ থানায় নিয়ে যায়।


স্বস্তি পরিবার ও স্থানীয়দের 

ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। তবে মদ্যপ অবস্থায় জলে নামার বিষয়টি নিয়ে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কয়েক ঘণ্টা ধরে যাঁকে ঘিরে জলে তল্লাশি চালানো হচ্ছিল, শেষ পর্যন্ত তাঁকেই জীবিত অবস্থায় অন্য পাড় থেকে পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।

তীব্র উদ্বেগ ও আশঙ্কার পর শেষ পর্যন্ত প্রাণ গোবিন্দ বর্মনের নিরাপদে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। তবে ঘটনাটি সাহেবগঞ্জ এলাকায় দিনভর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in