সংবাদ একলব্য: ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কায় আতঙ্কিত পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে পটাশপুর-১ ব্লকের নৈপুর, গোপালপুর, গোকুলপুর-সহ বিভিন্ন এলাকায় রাস্তা ও ঘরবাড়ি জলের তলায়। কোথাও রাস্তা ডুবে সেই জল হু হু করে ঢুকে পড়ছে গ্রামের ভিতরে। ইতিমধ্যেই বহু বাড়িতে জল ঢুকে পড়ায় ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে হচ্ছে বাসিন্দাদের।
তলিয়ে গেছে চাষের জমি, ডুবেছে রাস্তায়
চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। একদিকে ফসলের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে বাড়িতে জল সব মিলিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে সাধারণ মানুষের। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পটাশপুর-বালিচক রাজ্য সড়কে। রাস্তার উপর এক কোমরেরও বেশি জল জমে থাকায় স্বাভাবিক যান চলাচল কার্যত বিপর্যস্ত। বাধ্য হয়ে ট্রাক্টর, চারচাকা কিংবা বাইকে করে ঝুঁকি নিয়ে জল পারাপার করছেন মানুষজন। এই পরিস্থিতিতে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। পটাশপুরের টেপরপাড়া এলাকাতেও রাস্তা ডুবে জল ঢুকছে গ্রামের ভিতরে। জল বাড়তে থাকায় আতঙ্ক আরও বাড়ছে নদী ও নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে।
বাড়ছে নদীর জল
অন্যদিকে, কেলেঘাই নদীর জল হু হু করে বাড়ছে। ২০২১ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও পটাশপুরবাসীর মনে তাজা। বছর ঘুরে বর্ষা এলেই নতুন করে আতঙ্ক তৈরি হয় ফের কি সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি হবে?
নজর রাখছে প্রশাসন
যদিও পরিস্থিতির উপর প্রশাসন ও সেচ দফতরের তরফে নজর রাখা হচ্ছে এবং বাঁধ রক্ষায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা সহজ নয়। তবুও সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
এই মুহূর্তে পটাশপুরবাসীর একটাই প্রশ্ন কবে কাটবে এই জলযন্ত্রণা? কবে ফিরবে স্বাভাবিক জনজীবন? নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর নদীপাড়ের মানুষের।