Happy Independence Day

শিলিগুড়ির ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

fire at Siliguri plastic company
Picture: নিজস্ব চিত্র

শিলিগুড়ি, সংবাদ একলব্য: সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ৯টা নাগাদ আচমকাই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী ও প্লাস্টিকের দানার বস্তায়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। 


কালো ধোঁয়ায় ঢাকে এলাকা

কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূর-দূরান্ত থেকেও দেখা যায় আগুনের ধোঁয়া। কারখানাটির আশপাশে একাধিক কারখানা ও গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। 


আগুন নেভাতে তৎপরতা প্রশাসনের 

পরিস্থিতি মোকাবিলায় দমকল কর্মীরা পাশের কারখানা ও গুদামগুলিকে নিরাপদ রাখার জন্য তৎপর হন। নিরাপত্তার কারণে সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে কারখানা ও পার্শ্ববর্তী গুদামে থাকা শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।এরপর জীবনের ঝুঁকি নিয়ে কারখানার ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রীর পরিমাণ অত্যন্ত বেশি থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিপুল ক্ষতির আশঙ্কা 

তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


কিভাবে ঘটলো অগ্নিকাণ্ড? খতিয়ে দেখা হচ্ছে

অগ্নিকাণ্ডের পর কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না এবং থাকলে তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।


স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ব্যস্ত শিল্পাঞ্চলের মধ্যে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in