প্রধান শিক্ষকের পিছু ধাওয়া করে ডিমের ঢিল! ডিম থেরাপির কালচার থেকে বাদ পড়ল না শিক্ষকরাও

ধূপগুড়ি: প্রধান শিক্ষকের পিছু ধাওয়া করে ডিমের ঢিল! 'ডিম থেরাপি'-র কালচার থেকে এবার বাদ পড়লেন না শিক্ষকরাও। এবার এই ঘটনার শিকার হলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুল-এর প্রধান শিক্ষক সুদীপ মল্লিক। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কীভাবে ঘটল এই ঘটনা?

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক বাইকে করে প্রধান শিক্ষকের পিছু নেয়। ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছতেই তাঁর উদ্দেশ্যে ডিম ছোড়া হয়। এরপর তিনি অভিযুক্তদের ধাওয়া করলে তারা ঘোষপাড়া মোড়ের দিক দিয়ে পালিয়ে যায় বলে খবর।

হামলার কারণ কী?

ঘটনার পর এদিন রাতেই স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক সুদীপ মল্লিক ধূপগুড়ি থানায় যান এবং লিখিত ভাবে সমস্ত ঘটনা প্রশাসনকে জানান। বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তথা তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা সুদীপ মল্লিকের দাবি, স্কুলের মাঠের জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর প্রাথমিক অনুমান।

প্রধান শিক্ষকের কথায়, "ঘটনার আগে থেকেই কয়েকজন যুবক স্কুলের বাইরে ঘোরাফেরা করছিল। এমনকি সহকর্মীরাও আমাকে এ বিষয়ে আগে থেকে সতর্ক করেছিল।"

শিক্ষক মহলে নিন্দার ঝড়

সুদীপ মল্লিক জানান, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, "শিক্ষকদের যদি এভাবে প্রকাশ্য রাস্তায় অপমানিত করা হয়, তবে সমাজ কোন দিকে এগোবে?" এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার অন্যান্য শিক্ষকরাও।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. ধূপগুড়িতে কোন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা হয়েছে?

ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ মল্লিকের ওপর হামলা হয়েছে।

২. প্রধান শিক্ষকের ওপর কীভাবে হামলা চালানো হয়?

স্কুল থেকে বাড়ি ফেরার সময় ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় কয়েকজন বাইক আরোহী যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে।

৩. এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে?

প্রধান শিক্ষক সুদীপ মল্লিকের অনুমান, স্কুলের মাঠের জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in