জাতীয় ডেস্ক, সংবাদ একলব্য: তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চোখের চিকিৎসার জন্য ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞার রায়কে বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে, নিজের চিকিৎসার স্থান এবং চিকিৎসক নির্বাচন করার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনিয়ার সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও যুক্তি
শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, "প্রত্যেক মানুষেরই বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো জায়গায় চিকিৎসাসেবা বেছে নেওয়ার অধিকার রয়েছে"।
রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তত ১৫টি মামলার যুক্তি তুলে ধরে অভিষেকের বিদেশযাত্রার বিরোধিতা করা হলে আদালত প্রশ্ন তোলে, যে মামলায় এই বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তা মূলত নির্বাচনী জনসভার ভাষণের মন্তব্য সংক্রান্ত, কোনো গুরুতর অপরাধ নয়। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার নথিপত্র এবং ভ্রমণের বিস্তারিত বিবরণী জনসমক্ষে প্রকাশ করা যাবে না। চিকিৎসাসংক্রান্ত কোনো তথ্য সার্বজনীন না করার অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা আবশ্যক।
আদালতের শর্তাবলি
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। নিজের ফ্লাইট টিকিট, গন্তব্য ও থাকার জায়গার সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার সঙ্গে আগেই জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। শর্তসাপেক্ষে অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
কী ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ?
এর আগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অভিষেকের বিদেশে যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের পরামর্শ ছিল, তিনি যেন রাজ্য পরিচালিত এসএসকেএম (SSKM) হাসপাতালে পরীক্ষা করান এবং দেশেই চিকিৎসা করান। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানান অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে তার দু’দিন আগে, গত সোমবার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সাত দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। সেইমতো বুধবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে। তবে হাই কোর্টে অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। উচ্চ আদালত মামলা খারিজ করার পর একই আর্জি নিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন অভিষেক। সেখানেই মিলল অনুমতি।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রত্যেক নাগরিকের নিজের পছন্দমতো জায়গায় চিকিৎসাসেবা বেছে নেওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। তাই চোখের চিকিৎসার জন্য তাঁকে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
২. কলকাতা হাইকোর্ট এই মামলায় কী রায় দিয়েছিল?
কলকাতা হাইকোর্ট অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ করে তাঁকে রাজ্যের এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিল।
৩. সুপ্রিম কোর্ট বিদেশযাত্রায় কী শর্ত আরোপ করেছে?
শর্ত অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর ফ্লাইট টিকিট, গন্তব্য এবং থাকার জায়গার সমস্ত বিস্তারিত তথ্য তদন্তকারী সংস্থার কাছে আগেই জমা দিতে হবে।