নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উদয়ন গুহর আইনি অস্বস্তি আরও বাড়ল। আবাসন দুর্নীতি মামলায় ফের ৫ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বালুরঘাট সেন্ট্রাল জেল থেকে তাঁকে কড়া নিরাপত্তায় দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে, বিচারক তা মঞ্জুর করেন।
ফের ৫ দিনের পুলিশি হেফাজতে উদয়ন গুহ
সরকার পক্ষের আইনজীবী জানান, আবাস যোজনার একটি মামলায় তদন্তের স্বার্থে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল। কিন্তু আদালত ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। আগামী ১৮ই জুলাই ফের আদালতে তোলা হবে উদয়ন গুহকে।
কেন বালুরঘাট জেল থেকে আনা হলো এবং আজকের আদালতে কী ঘটল?
১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ চলার মাঝেই মামলার তদন্তের স্বার্থে আজ কড়া পুলিশি প্রহরায় উদয়ন গুহকে বালুরঘাট সেন্ট্রাল জেল থেকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর তদন্তকারী আধিকারিকরা আদালতে জানান, মামলা আবাস যোজনার অপর একটি মামলায় তদন্ত দরকার। এই দুর্নীতির আর্থিক লেনদেন কীভাবে হয়েছে, কাটমানির টাকা কোথায় রাখা হয়েছে এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা, তা জানতে উদয়ন গুহকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা জরুরি। তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রীকে আরও ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার সূত্রপাত ও গ্রেফতারির প্রেক্ষাপট
গত জুন মাসে উদয়ন গুহর বিরুদ্ধে প্রথম বড়সড় আইনি ধাক্কাটি আসে। দিনহাটা থানায় দায়ের হওয়া আবাস যোজনার ব্যাপক দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগে গত ১৭ জুন কলকাতার ফুলবাগানের একটি আবাসন থেকে কোচবিহার জেলা পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিনই তাঁকে আদালতে তোলা হলে প্রথমে ৬ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। এরপর আদালত দফায় দফায় জেল হেফাজত এবং পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর পর দিনহাটা সংশোধনাগার থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সেন্ট্রাল জেলেও স্থানান্তরিত করা হয়েছিল।
তদন্ত চলাকালীন একের পর এক নতুন মামলা যুক্ত
তদন্ত চলাকালীন একের পর এক নতুন মামলা যুক্ত হতে থাকে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। আবাস যোজনার পাশাপাশি শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগ, নালার উপর নির্মান করে বিক্রির অভিযোগের মতো অভিযোগ জমা হয় উদয়নের বিরুদ্ধে। আজ সরকারী আইনজীবী জানান, নতুন করে আরও একটি মামলা যুক্ত হয়েছে উদয়ন গুহের বিরুদ্ধে। বেলা গুহ ট্রাস্ট, কমল গুহ স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য মেলার নামে মোটা অঙ্কের চাঁদা তোলার অভিযোগ জমা করেছে। তিনি আরো জানান, অভিযোগ ২০১০ থেকে ২০২৬ পর্যন্ত প্রত্যেক বছর এক ব্যক্তির কাছ থেকে ২০০০০ টাকা করে চাঁদা আদা করা হয়েছে। কিন্তু তার কোনো নথি দেওয়া হয়নি।
উদয়ন গুহর এই লাগাতার হেফাজতের নির্দেশকে কেন্দ্র করে কোচবিহার ও দিনহাটার রাজনৈতিক মহলে পারদ চড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।