দিনহাটা: অঞ্চল কমিটির চেয়ারম্যান থাকাকালীন নাজিরহাট সবজি বাজারে থাকা দোকানদারদের কাছ থেকে নিয়েছিলেন কাটমানি। সরকার বদল হতেই অবশেষে ব্যবসায়ীদের হাতে টাকা ফিরিয়ে দিলেন প্রাক্তন তৃণমূল নেতা। নাজিরহাট বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
৪ লক্ষাধিক টাকা কাটমানি ফেরত
জানা যায়, নাজিরহাট ১ নং অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন রামচন্দ্র ঘোষ ৩৫ জনের কাছ থেকে মোট চার লক্ষ সাতাশ হাজার টাকা কাটমানি আদায় করেছিলেন। এদিন এই ৩৫ জন ব্যবসায়ীর হাতে সেই টাকা তিনি ফিরিয়ে দেন।
কী বলছেন ব্যবসায়ীরা?
ব্যবসায়ী প্রবীর দাস জানান, "সে সময় চাপে পড়ে ৯০ হাজার টাকা কাটমানি দিতে হয়েছিল। সরকার বদলাতেই তৃণমূল নেতা চাপে পড়ে সেই টাকা ফিরিয়ে দিলেন। নিজের কষ্টের টাকা ফেরত পেয়ে ভালো লাগছে।"
অপর ব্যবসায়ী বাবলু দাস দোকান বাবদ ২৫ হাজার টাকা দিয়েছিলেন, আজ টাকা ফেরত পেয়ে তিনিও খুশি। তাঁর কথায়, "তৃণমূল জামানায় কাটমানির জেরে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করা দায় হয়ে পড়েছিল। সরকার বদল হতেই অবশেষে স্বস্তি মিলল।" আরেক ব্যবসায়ী সুশীল বর্মনের কথায়, "ঘর বাবদ আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল। আজ সবটাই ফেরত দেওয়া হয়েছে।"
তৃণমূল নেতার সাফাই
এ বিষয়ে তৃণমূল নেতা রামচন্দ্র ঘোষ জানান, "সে সময় অনুষ্ঠান বাবদ নাজিরহাট বাজারে সবজি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। আজ সেই টাকা ফেরত দিলাম। আমি চক্রান্তের শিকার হয়েছিলাম, আমার নাম করে টাকা পয়সা তোলা হয়েছিল। সেই টাকাগুলোই এদিন ফিরিয়ে দিলাম।"
নাজিরহাটে কাটমানি ফেরত (FAQ)
প্রশ্ন ১: কতজন ব্যবসায়ীকে কাটমানির টাকা ফেরত দেওয়া হয়েছে?
উত্তর: দিনহাটার নাজিরহাট সবজি বাজারের মোট ৩৫ জন ব্যবসায়ীকে কাটমানির টাকা ফেরত দেওয়া হয়েছে।
প্রশ্ন ২: মোট কত টাকা ফেরত দেওয়া হয়েছে?
উত্তর: প্রাক্তন তৃণমূল নেতা রামচন্দ্র ঘোষ মোট চার লক্ষ সাতাশ হাজার টাকা ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দিয়েছেন।