পুলিশ জোর করে হাসপাতালে নিয়ে গেলেও অনশন ভাঙেননি ওয়াংচুক! এবার আমরণ অনশনে অভিজিৎ দীপকে

Sonam Wangchuk Hunger strike
Graphics: SE

নয়াদিল্লি: পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর-মন্তরে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনের ২১তম দিনে পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে শনিবার সকালে পুলিশ জোরপূর্বক অনশনমঞ্চ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের দাবি, আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জন্তর-মন্তরে এই পুলিশি অভিযানের পরই বিক্ষোভের সুর আরও চড়েছে।


সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি

পুলিশের এই আকস্মিক অভিযানের সময় আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদীদের অভিযোগ, সিভিল পোশাকে এসে পুলিশ সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যায় এবং প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জও করা হয়েছে। ওয়াংচুককে বর্তমানে দিল্লির একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিবারের সম্মতি ছাড়া যেন কোনো ধরনের বাহ্যিক ওষুধ বা স্যালাইন তাঁকে না দেওয়া হয়। অন্যদিকে, হাসপাতাল থেকে পাঠানো এক বার্তায় সোনম ওয়াংচুক এই আন্দোলনকে দেশের 'দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম' বলে আখ্যা দিয়েছেন।


হাসপাতালেও অনশনে অনড় ওয়াংচুক

হাসপাতালে ভর্তি করানোর পরেও অনশন ভাঙেননি ওয়াংচুক। হাসপাতালেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নুনজল ছাড়া আর কিছু খাচ্ছেন না। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। অনশনের প্রথম থেকে তিনি নুনজল খেয়ে এসেছেন। এখনও সেই টুকুই ভরসা তাঁর।


অনশনমঞ্চে এবার অভিজিৎ দীপকে

সোনম ওয়াংচুককে অনশনমঞ্চ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং আন্দোলনকে সচল রাখতে 'ককরোচ জনতা পার্টি' (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জন্তর-মন্তরেই আমরণ অনশন শুরু করেছেন। মঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেলে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমাকে বলা হচ্ছে আমি নাকি দেশের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আমি স্রেফ একজন সাধারণ নাগরিক।" দীপকে অভিযোগ করেছেন যে পুলিশ তাঁকে মারধর ও আটক করেছিল, কিন্তু কোনো বাধাই এই আন্দোলনকে থামাতে পারবে না।


কালি হামলা

অনশনমঞ্চে বক্তব্য রাখার সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা অভিজিৎ দীপকে লক্ষ্য করে কালি জাতীয় তরল পদার্থ ছুঁড়ে মারলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তৎক্ষণাৎ ওই মহিলাকে আটক করেছে। শনিবার দুপুরে যন্তর মন্তরে অনশনমঞ্চে দীপকে-কে লক্ষ্য করে কালি ছোড়া হয় বলে অভিযোগ। সিজেপি-র অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মহিলাকে আটক করেছে। তবে কেন দীপকে-কে লক্ষ্য করে কালি ছোড়েন ওই মহিলা, তা এখনও স্পষ্ট নয়।


সোমবার 'সংসদ চলো' মার্চ

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হলেও আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। আয়োজকদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই সংসদের উদ্দেশ্যে প্রতিবাদী 'সংসদ চলো' (Sansad Chalo) পদযাত্রা কোনো অবস্থাতেই বাতিল হবে না, বরং তা আরও বড় আকারে সংগঠিত করা হবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in