সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে এলাকার সামারদুং-এ নির্মীয়মাণ তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের ADIT-III টানেলে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলা উদ্ধার অভিযানে আরও দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের খোঁজে জোরকদমে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর দ্বিতীয় বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। প্রতিকূল পরিবেশের মধ্যেও গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উদ্ধারকাজ চালানো হয়। বিভিন্ন সংস্থা সমন্বয় রেখে টানেলের ভিতরে আটকে পড়াদের সন্ধানে কাজ করছে।
এই মর্মান্তিক ঘটনার পর বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (High-Level Committee) গঠন করেছে সিকিম সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে সুপারিশ করবে এই কমিটি।
তদন্ত কমিটির চেয়ারপার্সন করা হয়েছে সিকিম পুলিশের আইন-শৃঙ্খলা বিভাগের আইজি তাশি ওয়াংয়াল (IPS)-কে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন খনি ও ভূতত্ত্ব দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর ফিগু শেরিং ভুটিয়া, অতিরিক্ত ডিরেক্টর কেশার লুইটেল এবং সদস্য-সচিব হিসেবে সিআইডির ডিআইজি তেনজিং লোডেন লেপচা (IPS)।
রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থা উদ্ধার অভিযানের উপর সার্বক্ষণিক নজর রাখছে। একই সঙ্গে মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। নিখোঁজ প্রত্যেকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
