নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার ঐতিহ্যবাহী পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে ৮৮তম বর্ষ উদ্যাপন উপলক্ষে আগামী ১৮ জুলাই (শনিবার) মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে আন্তঃবিদ্যালয় অনু-নাট্য উৎসব–২০২৬। দিনহাটা মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। সকাল থেকে বিকেল পর্যন্ত দুই পর্বে মোট ১১টি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী তাদের নিজস্ব অনু-নাট্য মঞ্চস্থ করবে।
প্রথম পর্বে অংশ নেবে মদন মোহন পাড়া সারদা শিশু তীর্থ, শেমরক ফ্লোরেট স্কুল, চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির, শালমারা হাই স্কুল, দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয় এবং গোসানীমারী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পর্বে অংশ নেবে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, ওকরাবাড়ি আলাবক্স হাই স্কুল, দিনহাটা উচ্চ বিদ্যালয়, পুঁটিমারী হাই স্কুল এবং মাতালহাট উচ্চ বিদ্যালয়।
এ বিষয়ে শালমারা হাই স্কুলের শিক্ষক তথা অনুষ্ঠানের কনভেনার সঞ্জয় মিশ্র বলেন, “সংস্কৃতি শব্দটি এসেছে ‘কৃষ্টি’ থেকে, আর ‘কৃষ্টি’ শব্দটি এসেছে ‘কর্ষণ’ থেকে। মাটিতে কর্ষণ করলে যেমন তা ফসল ফলানোর উপযোগী হয়ে ওঠে, তেমনই ছাত্রছাত্রীদের মনেও যত বেশি সৃজনশীল চর্চা করা যাবে, তারা ততই সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠবে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই অনু-নাট্য উৎসবে শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ ভবিষ্যতে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
পাইওনিয়ার ক্লাবের ড্রামা সেকশনের সম্পাদক উৎকল রায় এবং ক্লাবের সহ-সম্পাদক সোহম চক্রবর্তী জানান, এই আন্তঃবিদ্যালয় অনু-নাট্য উৎসবকে ঘিরে তাঁরা অত্যন্ত আশাবাদী। তাঁদের আশা, এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে এবং ছাত্রছাত্রীদের মধ্যে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
আয়োজকদের আশা, এই উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভার বিকাশের পাশাপাশি নাট্যচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে। উৎসবকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।