নিট-বিতর্কে রণক্ষেত্র দিল্লি! 'ককরোচ জনতা পার্টি'র বিক্ষোভে তরোয়াল-পাথর, বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

NEET paper leak CJP protest in Delhi, police injured, 16 metro stations closed
ছবি: নিট বিতর্কে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি: নিট (NEET-UG) প্রশ্নফাঁস বিতর্কে এবার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল রাজধানী দিল্লি। বুধবার রাতে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পাথর বৃষ্টি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে আহত হয়েছেন অন্তত পাঁচজন পদস্থ পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে এই নজিরবিহীন বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে ডিএমআরসি (DMRC)।

আন্দোলনের নামে 'জঙ্গিপনা', পুলিশকে লক্ষ্য করে পাথর

দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার রাত পৌনে ৯টা নাগাদ যন্তর মন্তর থেকে সিজেপি (CJP) প্রতিবাদীদের একটি বড় অংশ টলস্টয় মার্গের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময়ই প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। পুলিশ প্রতিবাদীদের এগোতে বাধা দিলে আচমকাই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় মুহুর্মুহু পাথর বৃষ্টি।

প্রবল উত্তেজনার মধ্যে কয়েকজন বিক্ষোভকারীর হাতে তরোয়াল ও খুকরির মতো ধারালো অস্ত্রও দেখা যায় বলে পুলিশের দাবি। উন্মত্ত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন পুলিশকর্মী, যাঁদের মধ্যে দুজন এসিপি (ACP) এবং দুজন ইন্সপেক্টর রয়েছেন। যদিও সিজেপি নেতাদের দাবি, তাঁরা বারবার শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন। সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সোনম ওয়াংচুকের সাথে তাঁদের কথা হয়েছে এবং তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই ছিলেন। তবে শাসকদলের মদতে কিছু সমাজবিরোধী আন্দোলনে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলে তাঁর অভিযোগ।

বন্ধ ১৬টি মেট্রো স্টেশন, কড়া নিরাপত্তা

যন্তর মন্তরে সিজেপি-র এই অবস্থান বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)।

  • বন্ধ থাকা স্টেশনগুলি: লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, সুপ্রিম কোর্ট, জনপথ সহ একাধিক স্টেশন।
  • ইন্টারচেঞ্জ চালু: ডিএমআরসি জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো স্টেশনগুলিতে মেট্রো লাইনের ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে।

নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত ২০ কোম্পানি সিআরপিএফ (CRPF) জওয়ানকে জরুরি ভিত্তিতে এয়ারলিফট করে দিল্লিতে আনা হয়েছে।

শিক্ষামন্ত্রীর ইস্তফায় অনড় সিজেপি, আলোচনার বার্তা নাড্ডার

ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কোনো আপস করা হবে গঠন। এই ইস্তফা না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন জারি থাকবে।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, নিট প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং সরকার সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। তিনি বিরোধীদের কাছে আবেদন জানান, বিষয়টিকে যেন রাজনৈতিক রঙ না দেওয়া হয়। তবে বুধবার রাতের পুলিশি লাঠিচার্জের ঘটনায় কেন্দ্র ও পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট।

মুম্বইয়ের শিবাজী পার্কেও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রায় দেড় হাজার সিজেপি সদস্য জমায়েত হন, যেখান থেকে অন্তত ২০০ জনকে আটক করেছে মুম্বই পুলিশ।

নিট বিতর্কে সিজেপি-র বিক্ষোভ (FAQ)

প্রশ্ন ১: দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে কী ঘটেছিল?

উত্তর: নিট প্রশ্নফাঁস বিতর্কে সিজেপি-র বিক্ষোভে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা পাথর বৃষ্টি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে।

প্রশ্ন ২: এই বিক্ষোভের জেরে দিল্লিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

উত্তর: নিরাপত্তার কারণে ডিএমআরসি বৃহস্পতিবার সকাল থেকে ১৬টি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত সিআরপিএফ জওয়ানদের জরুরি ভিত্তিতে এয়ারলিফট করে দিল্লিতে আনা হয়েছে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in