নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা! স্কুলের গাড়িতে ট্রেনের ধাক্কায় স্কুল যাওয়ার পথে প্রাণ হারালো একাধিক ছাত্র। ঘটনায় ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি স্কুল বাস। এই ভয়াবহ দুর্ঘটনায় একাধিক স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার সকালের এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঠিক কি ঘটেছে বলে জানা গেছে?
মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা। কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি ঘটনাটি ঘটেছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুলপড়ুয়াকে নিয়ে গাড়িটি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুলভ্যানটিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অসতর্কতার কারণে বাসচালক ট্রেনটির গতিবিধি খেয়াল করতে পারেননি। ট্রেনের ধাক্কায় বাসটি বহু দূর ছিটকে যায় এবং লাইনের পাশে দুমড়েমুচড়ে উল্টে পড়ে।
ঘটনাস্থলেই একাধিক শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বহু
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের ভেতরে থাকা স্কুল পড়ুয়ারা মারাত্মকভাবে জখম হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। আহত বাকি পড়ুয়াদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এলাকায় চরম উত্তেজনা, গাফিলতির অভিযোগ
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন অভিভাবকেরা। দলে দলে মানুষ দুর্ঘটনাস্থল এবং হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন। এই ঘটনায় রেলের ভূমিকা ও গেটম্যানের ‘দায়িত্বজ্ঞানহীনতা’ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, গেটম্যানের অসতর্কতাতেই এই দুর্ঘটনা ঘটেছে। গাফিলতির কারণেই এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ গেল বলে ক্ষোভ উগরে দেয় মানুষ।