Aadhaar News: আধার সেন্টারে আচমকা নোটিশ, অনলাইনে আবেদন বাধ্যতামূলক! বিপাকে সাধারণ মানুষ

Aadhaar center online appointment notice issues Jalpaiguri
ছবি: জলপাইগুড়ির আধার সেন্টারে উপভোক্তাদের ভিড়

জলপাইগুড়ি: অন্যান্য দিনের মতোই শুক্রবার ভোরবেলা থেকে জলপাইগুড়ি শহরের একটি আধার সেন্টারে লম্বা লাইন চোখে পড়ে। দূরদূরান্ত থেকে কোলে শিশু নিয়ে আধার সংক্রান্ত কাজের আশায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু ভোরের আলো ফুটতেই সেই ভিড় আর আশায় জল ঢেলে দিল সেন্টারের বাইরে সাঁটানো একটি নোটিশ, যা ঘিরে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন উপভোক্তারা।

কী লেখা রয়েছে সেই নোটিশে?

আধার সেন্টারের পক্ষ থেকে সাঁটানো ওই নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন থেকে আগাম কোনো নথিপত্র বা ডকুমেন্টস জমা নেওয়া হবে না। আধার সংক্রান্ত যেকোনো কাজের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর অনলাইনে বুক করা নির্দিষ্ট তারিখে এসে তবেই সেন্টারে কাজ করা যাবে।

সাধারণ মানুষের হয়রানি ও হতাশা

এমন নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। একদিকে অনলাইনে আধার পোর্টাল ঠিকমতো খুলছে না বলে অভিযোগ, অন্যদিকে সেন্টারের এমন আচমকা নির্দেশিকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

শহরের তিলিপাড়া এলাকার বাসিন্দা লতা গুপ্ত জানান, তিনি তাঁর বোনের আধার কার্ডের কাজের জন্য এসেছিলেন। তিনি বলেন, “সেন্টারের নোটিশে স্পষ্ট লেখা আছে, কোনো ডকুমেন্টস জমা নেওয়া হবে না, অনলাইনে আবেদন করার পর এখানে আসতে হবে। কিন্তু আমরা অনলাইনে কোথায় বুক করব, সেটাই বুঝতে পারছি না। আচমকা এমন সিদ্ধান্তে আমাদের সমস্যা হচ্ছে।”

দূরদূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে

একইভাবে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তিস্তাপাড়ের রংধামালি এলাকা থেকে এসেছিলেন শ্যামল দাস। এত দূর থেকে এসেও খালি হাতে ফিরে যেতে হওয়ায় আক্ষেপের সুর তাঁর গলাতেও। তিনি বলেন, “আধার কার্ডের সমস্যার জন্য এত দূর থেকে এসেছি। এখানে এসে দেখছি অনলাইনে আবেদন করার পর তবেই কাজ হবে, কোনো কাগজপত্র জমা নেওয়া হবে না। কয়েকবার এসেও ঘুরে যেতে হচ্ছে।”

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in